ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমানার এক রুলের জবাব দিতে এসে নতুন করে অবমাননার রুলে পড়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) প্রশাসক মো. খলিলুর রহমান।
নতুন রুলের জবাব দিতে দুই ব্যক্তিগত কর্মকর্তা নুরুল ইসলাম ও মিহির কুমার দাসকে নিয়ে আগামী ৪ মার্চ তাকে আদালতে হাজির থাকতে হবে।
হাই কোর্টের স্থিতাবস্থা থাকার পরও যাত্রাবাড়ীতে একটি স্থাপনা ভাঙার অভিযোগে জারি করা আদালত অবমাননার রুলের জবাব দিতে বৃহস্পতিবার সকালে অন্য পাঁচ কর্মকর্তাসহ তিনি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে হাজির হন। একই বেঞ্চ তার বিরুদ্ধে নতুন করে রুল জারি করে।
গত ১৩ ফেব্রুয়ারি হুমায়ুন কবির নামে যাত্রাবাড়ী এলাকার এক বাসিন্দার হাই কোর্টে করা আদালত অবমাননার এক আবেদনে তাদের আদালতে তলব করা হয়।
ওই আবেদনে বলা হয়, যাত্রবাড়ী পাইকারি কাঁচাবাজারের জন্য সরকার পাঁচ একর জমি হুকুম দখল করে। এর মধ্যে হুমায়ুন কবিরকে তার ছয় শতক জমি অধিগ্রহণ করতে ২০০৭ সালের ১২ জুলাই নোটিস দেয়।
এই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হুমায়ুন হাই কোর্টে রিট আবেদন করলে আদালত ওই ভূমিতে স্থিতাবস্থা জারির নির্দেশ দেয়।
গত ১৭ জানুয়ারি ওই স্থিতাবস্থার আদেশের সময়সীমা এক মাস বাড়ানো হয় উল্লেখ করে আবেদনে হুমায়ুন বলেন, এর মধ্যেই গত ৭ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) ম্যাজিস্ট্রেট মো. খলিলুর রহমান পুলিশ নিয়ে আবেদনকারীর ভূমির স্থাপনা ধ্বংস করেন। হুমায়ু তখন হাই কোর্টের আদেশের অনুলিপি দেখাতে চাইলেও ম্যাজিস্ট্রেট তাতে রাজি হননি।
‘সরকারের বিভিন্ন জায়গায় অশিক্ষিত লোকজন’
বৃহস্পতিবার সকাল ১২টার দিকে ওই রুলের শুনানি শুরু হলে আদালত জিজ্ঞ্যেস করে, কোথায় সিটি কর্পোরেশনের প্রশাসক? আমরা কি তাকে এখানে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি?
এ সময় তিনি সামনে এসে ডায়াসে দাঁড়াতে চাইলে আদালত আইনজীবীকে উদ্দেশ্য করে বলে, তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে বলুন। আর জিজ্ঞ্যেস করুন, এই মাটির সর্বোচ্চ আদালতের আদেশ লঙ্ঘন করার মতো এত বড় বুকের পাটা তাকে কে দিল?
পরে তারা কাঠগড়ায় যান। সেখানেই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন।
আদালত বলে, তারা কি এটাকে মিউজিয়াম মনে করেছে? এটা মিউজিয়াম নয়। এটা সর্বোচ্চ আদালত। সব অশিক্ষিত লোকজন সরকারের বিভিন্ন জায়গায় বসে। আদালতের আদেশ কীভাবে বাস্তবায়ন করতে হয়, এরা তাও জানে না।
আদালতে ডিসিসির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাকী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদালত অবমাননার অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
হুমায়ুন কবিরের আবেদনে জারি করা আদালত অবমাননার রুলের পরবর্তী শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি।
ওই দিন প্রশাসকসহ ডিসিসির ছয় কর্মকর্তাকে হাজির হতে হবে।
এ সময়ের মধ্যে আদালতের আদেশ লঙ্ঘন করে হুমায়ুন কবিরের বাড়ি ভাঙা হয়েছে কি-না, এ বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দিতে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার-১কে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২৩৮ ঘ.
bdnews24