কুষ্টিয়া, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- কুষ্টিয়ায় পাসপোর্ট অফিসের নানা অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে ওই অফিসের কর্মচারীদের হাতে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। ভেঙে ফেলা হয়েছে ওই সাংবাদিকের সহকর্মীর ক্যামেরা।
বৃহস্পতিবার জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য ও সাধারণ মানুষের ভোগান্তির তথ্য সংগ্রহ করতে যান হাসান আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি হাসান একটি টিভি চ্যানেলেরও জেলা প্রতিনিধি।
হাসান জানান, ভুক্তভোগীদের নানা হয়রানির অভিযোগের তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নূরুল হুদার বক্তব্য নিতে গেলে তিনি ও কম্পিউটার অপারেটর জামাল উদ্দিন তাকে লাঞ্ছিত করে।
তারা সহকর্মী হাবিবের ক্যামেরাটি ছুড়ে মারলে তা ভেঙে যায় বলে জানান হাসান।
এ ঘটনা কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে জানানো হলে তিনি থানায় একটি অভিযোগ দাখিলের পরামর্শ দেন।
এরপর হাসান কুষ্টিয়া মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ তা না নিয়ে অভিযোগ হিসেবে তা গ্রহণ করেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি মামলা যোগ্য কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয়টি জানানো হলে জেলা প্রশাসক বনমালী ভৌমিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এমএইচপি/২১৪৭ ঘ.
bdnews24