২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই রোগীর মৃত্যুতে ক্লিনিক ভাংচুর

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ জনতা একটি বেসরকারি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঝিনাইদহ, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ জনতা একটি বেসরকারি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভুল চিকিৎসায় ওই দুই রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীরা হলেন- ফুলবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন এবং তালসার গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী আমেনা বেগম। সুফিয়া জরায়ুর এবং আমেনা এপেনডিসাইটিস অস্ত্রোপচারের জন্য ওই ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। কোটচাঁদপুর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২১ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে আকবর সুফিয়ার এবং ২০ ফেব্রুয়ারি কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নুরুন্নাহার আমেনার অস্ত্রোপচার করেন। বৃহস্পতিবার সকালে ওই দুই রোগী মারা গেলে তাদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে হামলা চালায়। ওই ক্লিনিকটি অনুমোতিহীন বলে জানিয়েছেন ঝিনাইদহ সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা আবু বকর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই হাসপালের মালিক আট জন। তাদের সরকারি কোনো অনুমোদন নেই। অবৈধভাবে ওটি পরিচালনা করে আসছিল তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এমএইচপি/২১২৫ ঘ.