চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছরের ছেলেকে বিক্রি করে দেওয়া সৎ বাবা সুমন সরকার রানাসহ (৩২) শিশু পাচারকারী চক্রের ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অন্য শিশু পাচারকারীরা হলেন- মো. আবু বক্কর (৬৫), রিতা চৌধুরী (৪০), বাপ্পী চৌধুরী (৩৫), রিনা সরদার (৪৫) ও মো. আবদুল কাদের (৩৭)।
এ ঘটনায় আরো দুজনকে খুঁজছে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে রানা জানান, চুরির পর সৎ ছেলে নাজমুলকে ৬০ হাজার টাকায় শিশু পাচারকারী চক্রের সদস্য সুজিত সরদারের কাছে বিক্রি করে। তারপর তাকে নিয়ে বুধবার বিকালে লোহাগাড়া থানার রড় হাতিয়া গ্রামের সরদার পাড়া থেকে নাজমুলকে উদ্ধার করা হয়।
রানার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
বায়েজিদ থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, রানার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে তার সৎ ছেলে নাজমুলসহ (৩) দুই শিশুকে উদ্ধার করে বৃহস্পতিবার তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
টানা দুই দিন অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পাচারকারী দলের সদস্যদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
ওসি জানান, গত ৩ ফেব্রুয়ারি বায়েজীদ থানার আমিন কলোনী এলাকা থেকে নাজমুল নিখোঁজ হয়। সেদিন তার মা নারগিস আক্তার থানায় একটি জিডি করেন।
ছেলেকে উদ্ধারে রানার কোনো তৎপরতা না থাকায় স্থানীয় লোকজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন নারগিস। মঙ্গলবার বিকালে স্থানীয়রা পিটুনি দিয়ে রানাকে পুলিশে সোপর্দ করে।
গত ১৬ ফেব্রুয়ারি নগরীর শান্তিনগর এলাকা থেকে ২৭ দিন বয়সের ফাতেমা নামে আরেকটি শিশু চুরি করে ৭০ হাজার টাকায় বিক্রি করে বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে জানান রানা।
তার দেওয়া তথ্যমতে বুধবার বিকালে পটিয়া থেকে শিশু ফাতেমাকে উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, এ সময় আবদুল কাদের নামে শিশু পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া রানার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বুধবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে অন্য চার জনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/এএইচ/পিডি/২০৩৪ ঘ.
bdnews24