২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ইয়াসমিনের স্বজনের খোঁজ মেলেনি

স্মৃতিহীন হয়ে এক রিকশা চালকের ঘরে আশ্রয় নেওয়া ইয়াসমিনের কোনো স্বজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে স্বজনদের খুঁজে বের করতে এগিয়ে এসেছে চাঁদপুরের জেলা প্রাশসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

চাঁদপুর, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্মৃতিহীন হয়ে এক রিকশা চালকের ঘরে আশ্রয় নেওয়া ইয়াসমিনের কোনো স্বজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে স্বজনদের খুঁজে বের করতে এগিয়ে এসেছে চাঁদপুরের জেলা প্রাশসন। বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা সংবাদ সম্মেলন করে স্বজনদের এগিয়ে আসার আহ্বান জানান। ছয় বছর আগে দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে স্মৃতিভ্রষ্ট, ঠিকানাবিহীন হয়ে পড়েছিলো ইয়াসমিন। এরপর এক রিকশা চালকের ঘরে শুরু হয় তার জীবনের দ্বিতীয় অধ্যায়। এর মধ্যেই আচমকা একদিন ইয়াসমিন স্মৃতি ফিরে পায়। দৈনিক প্রথম আলো গত ২৫ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা বলেন, “যেহেতু মেয়েটি চাঁদপুরের অধিবাসী বলে দাবি করছে, তাই তার স্বজনদের খুঁজে বের করা আমাদের নৈতিক দায়িত্ব।” ওই প্রতিবেদনে ইয়াসমিনের বরাত দিয়ে বলা হয়, চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার পথে লঞ্চ দুর্ঘটনায় বাবা-মাকে হারায় সে। চাঁদপুরে ও ঢাকায় তাদের দুটো বাড়ি আছে। ঢাকায় সে যে স্কুলে পড়তো সেটির নাম ম্যাক্সাসাইট। তবে পুরো নাম বলতে পারেনি। প্রিয়তোষ সাহা বলেন, স্বজন খুঁজে পাওয়া না গেলে চাঁদপুরের কোন সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মেয়েটির উচ্চ শিক্ষার দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিআইডব্লিউটিএ-র তথ্য অনুযায়ী, ২০০০ সালের ২৯ ডিসেম্বর চাঁদপুরের ষাটনলে ‘এমভি রাজহংসী’ দুর্ঘটনায় ডুবে ১৬২ জন, ২০০২ সালের ৩ মে একই স্থানে ‘এমভি সালাউদ্দিন’ ডুবে ২৪৫ জন, ২০০৩ সালের ৮ জুলাই মেঘনায় মোহনায় ‘এমভি নাসরিন’ ডুবে ৬৪১ জন, ২০০৪ সালের ২২ মে আনন্দ বাজারে ‘এমভি লাইটিং সান’ লঞ্চ দুর্ঘটনায় ৮১ জন এবং ২০০৬ সালে মেঘনা ব্রিজের কাছে ‘এম এল শাহ পরাণ’ লঞ্চ দুর্ঘটনায় ১৯ জন মারা যায়। এছাড়া ২০০৪ সালের ২২ মে কানুদী এলাকায় ‘এমভি দিগন্ত’ নামের একটি লঞ্চডুবির ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭০৭ ঘ.