ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ক্ষেত্রে অতীতের মতো ‘ফরমায়েশি’ তদন্ত হচ্ছে না মন্তব্য করে সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, সঠিকভাবে তদন্তের স্বার্থেই কিছুটা বেশি সময় লাগছে।
“অতীতের মতো ধামাচাপা দিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে না। আপনারা একটু ধৈর্য্য ধরুন”, বলেন তিনি।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। এরপর ১২ দিন পেরিয়ে গেলেও কারণ উদঘাটন কিংবা খুনীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছে সাংবাদিকদের সবগুলো সংগঠন। ২৭ ফেব্রুয়ারি এক ঘণ্টা কর্মবিরতি ও ১ মার্চ অনশন করার ঘোষণা দিয়েছে তারা।
সাংবাদিকদের আশ্বস্ত করে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, আগের মতো ‘ফরমায়েশি’ বিচারও এবার হবে না।
‘বিডিআর ট্রাজেডি, বিরোধী দলীয় নেত্রীর উস্কানীমূলক বক্তব্য ও সমকালীন প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচানা সভায় কামরুল ইসলাম বলেন, “বিডিআর বিদ্রোহের পর প্রতিটি রাজনৈতিক দল বিডিআর গেটে খোঁজ-খবর নিতে গেছে, শুধু বিএনপি-জামায়াত জোট ছাড়া। তারা যায়নি কারণ, এ ঘটনার ভেতরে তারা ছিল।”
ক্ষমতাসীন মহাজোট সরকারকে ক্ষমতাচ্যুত করতেই ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তখনকার বিডিআর সদরদফতরে বিডিআর বিদ্রোহে ইন্ধন যোগানো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
বিডিআর বিদ্রোহের ওই ঘটনায় ৫৭জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হওয়ার পর এ বাহিনীর নাম পাল্টে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ। বাহিনীর পোশাকও বদলে ফেলা হয়।
সেনাবাহিনীতে সা¤প্রতিক অভ্যুত্থান চেষ্টার পেছনেও কয়েকজন বেসামরিক ব্যক্তির নাম পাওয়া গেছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির।
অন্যদের মধ্যে কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ বি এম আহসানুল হক, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক কামরুল আহসান খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অরুণ সরকার রানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/সিএস/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24