২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গা চুক্তিতে পশ্চিমবঙ্গ ধুকছে: মমতা

বাংলাদেশ-ভারত বন্ধুত্বের স্বার্থে সংকট মেনে নিলেও পশ্চিমবঙ্গের ক্ষতি কে পুষিয়ে দেবে- মনমোহন সিংয়ের কাছে সেই প্রশ্ন রেখেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 04:21 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

নয়া দিল্লি, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্লুইসগেটে ফাটলের কারণে ফারাক্কা দিয়ে বাংলাদেশে অতিরিক্ত পানি চলে যাচ্ছে বলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঝুলে থাকা তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টি তাদের আলোচ্যসূচিতেই ছিল না। বুধবার বিকালে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকের পর মমতা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের খাতিরে গঙ্গা চুক্তি নিয়ে তিনি কোনো প্রশ্ন তুলছেন না। তবে ফারাক্কার দুটি ভাঙা লকগেট দিয়ে নির্ধারিত ৩৩ হাজার কিউসেকের বদলে ৮২ হাজার কিউসেক পানি যে বাংলাদেশে চলে যাচ্ছে, এবং এতে করে পশ্চিমবঙ্গে পানীয়জল সরবরাহ, নৌচলাচল এবং বিদ্যুৎ উৎপাদন যে ব্যাহত হচ্ছে- তা তিনি মনমোহনকে জানিয়েছেন। “ফারাক্কার কারণে আমরা ধুকছি। বাংলাদেশ-ভারত বৃহত্তর বন্ধুত্বের স্বার্থে আমরা এই সংকট মেনে নিয়েছি। যা হয়েছে তার ক্ষতি কে পুষিয়ে দেবে”, বলেন মুখ্যমন্ত্রী। ১৯৯৬ সালে ভারতীয় প্রধানমন্ত্রী দেবগৌড়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ত্রিশ বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়। নতুন মেয়াদে ক্ষমতায় এসে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন নিয়েও চুক্তি করতে উদ্যোগী হন হাসিনা। গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরে এ চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আটকে যায় মমতার আপত্তির কারণে। ভারতের কেন্দ্র সরকার তিস্তা চুক্তির ব্যাপারে মমতাকে রাজি করাতে কাজ করছে- এমন খবরের মধ্যেই গত সপ্তাহে মমতা হঠাৎ অভিযোগ তোলেন- ফারাক্কা দিয়ে বেশি পানি বেরিয়ে যাচ্ছে। প্রথমে চিঠি দিয়ে বিষয়টি মনমোহন সিংকে জানানোর পর বুধবার তার সঙ্গে দেখা করে নিজের রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে মমতা সাংবাদিকদের বলেন, জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি), প্রস্তাবিত গোর্খা আঞ্চলিক কর্তৃপক্ষ (জিটিএ) বিল এবং ফারাক্কার ফাটল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। “গেটে এমনভাবে ফাটল ধরেছে, তাতে ৮৮ শতাংশ পানিই চলে গেছে বাংলাদেশে। এ কারণে হুগলি সেতুর কাছে বার্জ চলাচল বন্ধ হয়ে গেছে। এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্পটি বন্ধ হতে বসেছে। ভাগিরথি ও হলদি নদী শুকিয়ে গেছে। আমাদের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে।” এ ব্যাপারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্তও দাবি করেন মমতা। মনমোহন সিং এসব বিষয় শুনে সহমর্মিতা প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেন, “তিনি মাত্র ১৫ দিন আগে বিষয়টি জানতে পেরেছেন। এ ব্যাপারে তদন্তেরও নির্দেশ দিয়েছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৫ ঘ.