মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প মাধ্যম হিসাবে কার্টুন দেশে একটি শক্তিশালী অবস্থান নিলেও কার্টুনিস্টদের পরিমিতিবোধের ওপর গুরুত্ব দিয়েছেন আহসান হাবীব।
জনপ্রিয় এই কার্টুনিস্ট ও লেখক উত্তরসূরিদের উদ্দেশ্যে বলেছেন, “এখন অনেকেই ভালো কাজ করছেন। কিন্তু একটা বড় দুর্বলতার জায়গা হচ্ছে, তাদের অনেকেই বোঝেন না, ঠিক কোথায় থামতে হবে। কার্টুনের কার্যকারিতা ধরে রাখতে নির্দিষ্ট একটা জায়গায় থামা উচিত।”
বুধবার একুশের বইমেলায় উম্মাদ স্টলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে কথা হয় আহসান হাবীবের। জনপ্রিয় এই রম্য সাময়িকীটির সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করছেন তিনি।
বস্তুত ১৯৭৮ সালে উম্মাদ প্রকাশের মধ্য দিয়েই দেশে কার্টুন জনপ্রিয় হতে শুরু করে। শুরুর প্রেক্ষাপট তুলে ধরে আহসান হাবীব বলেন, “আমরা বাংলাদেশে যে সময়ে কার্টুনের চর্চা শুরু করি, সেই সময়ে যেমন কার্টুনিস্টের অভাব ছিলো, তেমনি কাজের জায়গাও ছিল না বললেই চলে।”
“পত্রিকায় আগে কী কার্টুন আঁকা হবে, তা একজন সম্পাদক নির্ধারণ করে দিতেন। কিন্তু এখন একজন কার্টুনিস্ট অ্যাসিস্ট্যান্ট এডিটেরের মর্যাদা পান। তার স্বাধীনতার জায়গাটুকুও তৈরি হয়েছে,” তার বর্তমানের মূল্যায়ন।
দেশে কার্টুন চর্চা এবং কার্টুন নিয়ে মানুষের মনোভাব সম্পর্কে আহসান হাবীব বলেন, “মানুষের নেতিবাচক ধারণার পরিবর্তন ঘটেছে। এখন অনেক অভিভাবকই সন্তানকে কার্টুন শেখায় উৎসাহ যোগাচ্ছেন। কাজের স্বীকৃতিও মিলছে। শুধু বাংলাদেশেই কার্টুন নিয়ে সাতটি অ্যাওয়ার্ড দেওয়া হয়।”
প্রথমবার উন্মাদে কার্টুন শিখতে আসা ২১ জনের মধ্যে দুজন ছিলেন ৯০ বছরের বৃদ্ধ, এই প্রসঙ্গে জানান তিনি।
কার্টুনকে একটি ‘সফল মাধ্যম’ মনে করলেও এটি ক্ষণস্থায়ী বলে স্বীকার করেন এই কার্টুনিস্ট। “অসম্ভব শক্তিশালী একটি মাধ্যম, কিন্তু এর প্রভাব খুবই ক্ষণস্থায়ী। এটাই কার্টুনের সবচেয়ে বড় ট্রাজেডি,” বলেন তিনি।
১৯৭৮ সালের মে মাসে ইশতিয়াক হোসেন ও খালেদ আশরাফের উদ্যোগে বের হয় ‘উন্মাদ’। পরে এর হাল ধরেন আহসান হাবীব।
শুরুর দিকের কথা তুলে ধরেন তিনি বলেন, “প্রথমে এটি একটি পরীক্ষামূলক ব্যাপার ছিল, প্রকাশও হত অনিয়মিতভাবে। কিন্তু অল্প সময়েই উন্মাদ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় আমরা এটিকে নিয়মিত করার উদ্যোগ নিই।”
শুরুতে যারা ছিলেন, আহসানের সেই সব বন্ধুরা অন্য পেশা নিয়ে উন্মাদ ছেড়ে গেলেও আহসান হাবীব থেকে যান। “আমি নিজেও এক সময় ব্যাংকের চাকরিতে যোগ দিয়েছিলাম। কিন্তু অল্প সময়েই চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি উন্মাদ হয়ে যাই,” হাসতে হাসতে বলেন তিনি। উন্মাদে সম্পাদককে বলা ও লেখা হয় ‘উন্মাদক’।
বইমেলায় উন্মাদের স্টলে নতুন ও শখের কার্টুনিস্টদেরও দেখা যায় আহসান হাবীবের সঙ্গে। এমনই একজন তারেক ইকবাল উন্মাদকে বাংলাদেশের কার্টুন চর্চার পথিকৃৎ বলে মনে করেন। তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় কার্টুনিস্টের প্রথম কাজের অভিজ্ঞতা ‘উন্মাদ’ থেকেই।”
দেশের জনপ্রিয় দুই লেখক হুমায়ূন আহমেদ এবং মুহাম্মদ জাফর ইকবালের অনুজ আহসান হাবীব কার্টুনের পাশাপাশি উপন্যাস কিংবা সায়েন্স ফিকশন লেখায়ও মুন্সিয়ানা দেখিয়েছেন।
এবারের বইমেলায় এই লেখকের মোট আটটি বই এসেছে। এর মধ্যে প্রকাশনা সংস্থা শুভ্র প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস ‘বাবার খোঁজে’ ও ‘নির্বাচিত রচনাসমগ্র’। তাম্রলিপি থেকে সায়েন্স ফিকশন ‘সূর্য যেখানে নীল’, জাগৃতি থেকে রম্য সংকলন ‘ফান স্টপেজ’, প্রতীক থেকে ‘ডিসকোয়ালিফাইড জোকস’ ও সৃজনী থেকে ‘রররররম্য’ এবং প্রকাশনা সংস্থা রোদেলা থেকে পাঁচটি উন্যাসের সঙ্কলন ‘অন্য কেউ’।
এছাড়া একাত্তরে মুক্তিযুদ্ধকালীন ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া আহসান হাবীবের হারিয়ে যাওয়া ডায়েরির আলোকে প্রকাশনা সংস্থা বর্ষাদুপুর এনেছে ’৭১ এর রোজনামচা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলোচনায় শিশু সাহিত্যে পাইরেসি এবং বিদেশি বইয়ের আধিপত্য নিয়েও কথা বলেন এই লেখক ও কার্টুনিস্ট।
তার স্পষ্ট অভিমত, “এই সমস্যাটা সাময়িক। ভালো বইয়ের চাহিদা থাকবেই। ডোরেমন, সিনডারেলা কিংবা মিস্টার বিন- যাই আসুক না কেন দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুরমার ঝুলি তার জন্য ক্ষতিগ্রস্ত হয় না।”
“আমরাও ছোটবেলায় বই পড়েছি লেখকের নাম না দেখেই। বড় হতে হতে ভালো-মন্দও বুঝে নিতে শিখেছি। এই নিয়ে আমি দুশ্চিন্তার কিছু দেখছি না। যা খারাপ, তা নিজে থেকেই সরে যাবে,” বলেন আহসান হাবীব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২২২৫ ঘ.
bdnews24