রাঙামাটি, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিষ পানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছে আরেক ছেলে।
বুধবার দুপুরে এই ঘটনায় নিহতরা হলেন ভক্তপাড়া গ্রামের নিহার মনি চাকমা (৪০) ও ছেলে সিজান চাকমা (১০)।
নিহার মনির অসুস্থ অপর ছেলে পিয়েল চাকমাকে (৮) বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহারের স্ত্রী নিশা চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষ মেশানো পানীয়ের একটি বোতল থেকে নিহার মনি তাদের দুই ছেলেকে পান করান। পরে নিজেও পান করেন।
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন কীটনাশকের সঙ্গে মদ পান করায় দু’জনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয়রা জানায়, দুপুরে নিহার মনি চাকমা ও নিশা চাকমার মধ্যে ঝগড়া বাধে। এর জের ধরে নিহার মনি দুই ছেলেকে মদের বোতলে বিষ মিশিয়ে রাখা পানি জোর করে পান করান এবং নিজেও পান করেন।
এলাকাবাসীর সহায়তায় স্ত্রী তাদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসক সীজানকে মৃত ঘোষণা করেন। বিকাল সাড়ে ৫টার দিকে নিহারের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০০ ঘ.
bdnews24