বরিশাল, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে স্ত্রীর উত্ত্যক্তকারীদের দু’দফা হামলায় স্বামীসহ পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
বুধবার সকাল ও মঙ্গলবার রাতে নগরীর কাশিপুর গণপাড়ায় এ হামলায় চালায় বখাটেরা।
আহতরা হলেন মো. নাসির (৪০), তার ছেলে সিয়াম (২), ভাই মো. রাজু (৪২), ভাবি তাসলিমা বেগম (৩০) ও ছেলে সিয়াম (১২)।
তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্ত্যক্তের শিকার গৃহবধূ জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে একই এলাকার বখাটে নীরব, মনির ও সোহাগ মোল্লা তাকে উক্ত্যক্ত করে।
মঙ্গলবার রাতে ফোন করলে তার স্বামী নাসির বখাটেদের ফোন করতে নিষেধ করেন।
এতে বখাটেদের সঙ্গে নাসিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটেরা নাসিরকে বেধরকভাবে মারধর ও কুপিয়ে জখম করে।
তাকে স্থানীয়রা উদ্ধার করে রাতে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো বলেন, সকালে নাসিরের ভাই রাজু বাসা থেকে বের হয়ে আসার সময় বখাটেরা তার উপরও হামলা করে।
স্বামীকে রক্ষা করতে গেলে ভাবি তাসলিমা ও ভাইয়ের ছেলে ইমনও তাদের মারধরের শিকার হন।
নগরীর বিমানবন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ঘটনার পরপরই তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছেন। বখাটেদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.
bdnews24