শেরপুর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলায় জমিতে পানি দেওয়া নিয়ে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হন তিনজন। ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে বলাইরচর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামে এ সংঘর্ষে নিহত আশরাফ আলী কাচ্চু (৫৫) ওই গ্রামের প্রয়াত সমশের আলীর ছেলে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহীন নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জন সুমন ও লিটনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বলাইরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, গ্রামের এক খণ্ড জমি নিয়ে আশরাফ আলীর সঙ্গে তার চাচাত ভাই মোহাম্মদ আলী মেম্বারের বিরোধ রয়েছে। সকাল ১০টায় ওই জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশরাফ আলী ঘটনাস্থলেই নিহত হন।
সদর থানার ওসি মো. আকরাম হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24