ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে সাংবাদিকরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় এ সমাবেশ শুরু হয়। ফলে প্রেসক্লাবের সামনে দিয়ে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
পাশাপাশি সারাদেশের সব সাংবাদিক সংগঠন স্থানীয় পর্যায়ে একই ধরনের কর্মসূচি পালন করছে।
জাতীয় প্রেসক্লাবের সমাবেশে অংশ নিচ্ছেন প্রবীণ সাংবাদিক নির্মল সেনও।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গত ১৮ ফেব্রুয়ারি এক যৌথসভা থেকে এ কর্মসূচি ঘোষণা করে।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
এখন পর্যন্ত খুনের কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।
সাংবাদিক সংগঠনগুলো খুনিদের গ্রেপ্তারের জন্য বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছিল, এর মধ্যে হত্যাকারী গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএসটি/আরএ/১১৫২ ঘ.
bdnews24