২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে দ্বিগুণ মজুরি দাবি বন্দর শ্রমিকদের

ছুটির দিনে দ্বিগুণ মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পণ্য সরবরাহ মঙ্গলবার পাঁচ ঘন্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটির দিনে দ্বিগুণ মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পণ্য সরবরাহ মঙ্গলবার পাঁচ ঘন্টা বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বন্দরের সব কন্টেইনার ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ বন্ধ রাখে মার্চেন্ট শ্রমিকরা। কাজ বন্ধ রাখায় কন্টেইনার পণ্য সরবরাহ নিতে আসা সিএন্ডএফ এজেন্টের কর্মীরা বিপাকে পড়েন। এ সময় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পণ্য সরবরাহ নিতে আসা ট্রাক অলস বসে থাকে। পরে বন্দর কর্তৃপক্ষ, বার্থ অপারেটর এবং সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর বেলা সাড়ে ৩টা থেকে বন্দরের কন্টেইনার ইয়ার্ড থেকে পণ্য খালাাস স্বাভাবিক হয়। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি ছুটির দিনে দ্বিগুণ মজুরির দাবিতে বার্থ অপারেটর ও সাইফ পাওয়ার টেকের নিয়োজিত পণ্য সরবরাহকারী শ্রমিকরা সকালের পালায় কাজ বন্ধ করে দেয়। তবে বন্দরে কন্টেইনার ওঠানামা ও অন্যান্য কাজ স্বাভাবিক ছিল জানিয়ে তিনি বলেন, পরে সংশ্লিষ্ট অপারেটরদের সঙ্গে শ্রমিকদের বৈঠকের পর দাবি পূরণের আশ্বাসে বেলা সাড়ে ৩টা থেকে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়। কাজ বন্ধ করে দেওয়া বন্দরের মার্চেন্ট শ্রমিকদের নিয়োগ দেয় বেসরকারি বার্থ অপারেটররা। পণ্য সরবরাহের কাজের জন্য আমদানিকারকের প্রতিনিধি হিসেবে সিএন্ডএফ এজেন্টরা বেসরকারি অপারেটরদের বিল পরিশোধ করে থাকে। চট্টগ্রাম বন্দর মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটির দিনে কাজ হলে দ্বিগুণ মজুরি পরিশোধ করার বিষয়ে বেসরকারি অপারেটরের সঙ্গে সমঝোতা স্মারক ছিল। কিন্তু তা না পাওয়ার কথা শুনে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে তাই কাজ বন্ধ করে দেয়। বৈঠকে শ্রমিকদের দ্বিগুণ মজুরির বিষয়টি বিবেচনায় আগামী সপ্তাহে পুনরায় বৈঠকের আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা কাজে যোগ দেয় বলে জানান মীর নওশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯১৩ ঘ.