গাইবান্ধা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ চার দিন পর করতোয়া নদীর বড়দহ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শিশু নূরুন্নবী মিয়ার (৬) লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার মাগুড়া সোনারপাড়ার ফুল মিয়ার ছেলে। সে স্থানীয় বর্ধনকুঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রথম শ্রেণীর ছাত্র।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, গত শনিবার বেলা ১১টার দিকে থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সোনারপাড়া মোড় থেকে নূরুন্নবী নিখোঁজ হয়।
পরে মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকারীরা শিশুটির বাবা ফুলমিয়ার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ নিয়ে ফুলমিয়া রোববার থানায় একটি অপহরণ মামলাও করেন।
অপহরণকারী কারা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৭৫৮ ঘ.
bdnews24