২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যাগতি বেড়েছে তদন্তের, দাবি পুলিশের

সব চৌকস অফিসার নিয়োজিত করা হয়েছে প্রকৃত খুনিকে বের করা জন্য- বলেছেন গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তের গতি আগের চেয়ে বেড়েছে বলে দাবি করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের তদন্তকারী বিভাগ গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগরের উপকমিশনার মো. মনিরুল ইসলাম মঙ্গলবার বিকালে সাংবাদিকদের বলেন, “তদন্তের গতি আগের চেয়ে বেড়েছে। এছাড়া সব চৌকস অফিসার নিয়োজিত করা হয়েছে প্রকৃত খুনিকে বের করা জন্য।” এই খুনের বিষয়ে এই পর্যন্ত ‘আনুষ্ঠানিকভাবে’ ২০/২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করলেও ১০ দিনেও খুনের কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারও করা হয়নি কাউকে। এত দেরির কারণ জানতে চাইলে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, “গত তিন বছরের ঢাকা শহরে অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো ঘটনার প্রকৃত রহস্য বের করতে দুই মাস লেগেছে, আবার কোনোটির রহস্য ভেদ করতে ৪৮ ঘণ্টাও সময় লাগেনি।” তদন্তে দেরিতে সাংবাদিকদের ক্ষোভের মধ্যে তিনি বলেন, “আমাদের কমিশনার সাহেব বলেছেন, আমাদের (পুলিশের) ওপর আস্থা রাখুন। আমি আবার বলছি, আমাদের ওপর আস্থা রাখুন। সাগর-রুনি শুধু আপনাদের ভাই-বোন নন, তারা আমাদেরও ভাই-বোন।” তদন্তে দেরিতে সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভের মুখে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ পুলিশের ওপর আস্থা রাখতে সোমবার সবার প্রতি অনুরোধ জানিয়েছিলেন। তদন্তের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মঙ্গলবার দুপুরে শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, “এসব কাজ কোনো ডেডলাইন দিয়ে হয় না।” সাগর-রুনি হত্যাকাণ্ডের দিনই খুনিদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তবে এখন পর্যন্ত হত্যার কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭৪১ ঘ.