ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তের কোনো অগ্রগতি জানাতে পারছে না পুলিশ।
কবে নাগাদ এ বিষয়ে কিছু জানা যাবে- জানতে চাওয়া হলে হত্যাকাণ্ডের ১০ দিন পর মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, “এসব কাজ কোনো ডেডলাইন দিয়ে হয় না।”
গত ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিনই খুনিদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
ঘটনার ৪৮ ঘণ্টা পর পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার সংবাদ সম্মেলনে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করলেও এরপর থেকে পুলিশ আর তদন্তের বিষয়ে মুখ খুলছে না।
এ নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভের মুখে বেনজির পুলিশের ওপর আস্থা রাখতে সোমবার সবার প্রতি অনুরোধ জানিয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে শহীদ মিনারে ফুল দেওয়ার পর সেখানে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের প্রশ্নবানে পড়েন ডিএমপি কমিশনার।
এ সময় তিনি বিভিন্ন পত্রিকায় এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন প্রকাশ সম্পর্কে বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে লেখা ঠিক হয়নি।”
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
এখন পর্যন্ত খুনের কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24