২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

খাদ্যে বিষক্রিয়ায় সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৬৪ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 05:31 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে বিষক্রিয়ায় সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৬৪ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একুশের প্রথম প্রহরে আশুলিয়ার জামগড়া এলাকায় জাপানি মালিকানাধীন ‘ইয়াগি বাংলাদেশে লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। রাত থেকেই কারখানাটি বন্ধ রয়েছে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক ইমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইয়াগি কারখানার রাতের শিফটে যারা কাজ করেছে তারা সবাই খাবার খেয়ে কমবেশি অসুস্থ হয়েছে। এদের মধ্যে ৬৪ জনকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।” সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের একটি চিকিৎসক দল নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে আছে। খাদ্যে বিষক্রিয়া থেকেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে আমাদের ধারণা।” তিনি জানান, খাবারের নমুনা সংগ্রহ করে ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়েছে। অসুস্থ শতাধিক শ্রমিকের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের নাম জানিয়েছেন শিল্প পুলিশের কর্মকর্তা ইমদাদুল। এরা হলেন- আফসানা আক্তার, জ্যোসনা বেগম, শিল্পী আক্তার, ফারজানা আক্তার, সুমি আক্তার, কহিনুর বেগম, শামীমা আক্তার, রোজিনা, ফারুক হোসেন, দিদারুল, জুয়েল, মোহন মিয়া, ভিকু, মদিনা ও ফয়েজ আহম্মেদ। আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়া কয়েকজন শ্রমিক জানান, কারাখানা কর্তৃপক্ষই রাতের পালায় কর্মীদের খাবার সরবরাহ করে। সাধারণত স্থানীয় কোনো খাবার হোটেল থেকে এই খাবার কেনা হয়। সোমবার রাতে কারখানায় দেওয়া হয় মুরগির মাংস, ভাত ও ডাল। তবে শ্রমিকরা জানান, মুরগির মাংস খাওয়ার সময়ই তারা দুর্গন্ধ পান। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরা এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাওয়ার পরপরই খারাপ লাগতে থাকে। কিছুক্ষণ পর অনেকেই বমি শুরু করে, পেটে জ্বালাপোড়াও হয়। কয়েকজন মাথা ঘুরে পড়েও গেছে।” ইয়াগি বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক ফিরোজ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্যান্টাসি কিংডম সংলগ্ন ‘রাজদ্বীপ হোটেল’ থেকে কারখানার জন্য খাবার নেওয়া হয়েছিল সোমবার। বিকালে অর্ডার দেওয়ার পর রাত ৯টার দিকে খাবার কারখানায় পৌঁছে দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। সেই খাবার শ্রমিকরা খেয়েছে রাত আনুমানিক ১টার দিকে। “প্রথম দুই শিফটে (সকাল-বিকাল) কোনো সমস্যা হয়নি। কিন্তু তৃতীয় শিফটে (রাত্রীকালীন) এই সমস্যা দেখা দেয়। কেন এ সমস্যা দেখা দিল- তা বুঝে উঠতে পারছি না।” কারখানা মঙ্গলবার বন্ধ রাখার কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, একুশে ফেব্রুয়ারি বলে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২০ ঘ.