চট্টগ্রাম, ফেব্র“য়ার ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক চিকিৎসকের বাসায় চুরির ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্রেডিট কার্ড ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল মুতি (১৬), শাহতাব এমদাদ চৌধুরী (১৭), আবরার হোসেন (১৫), তানভির হাসান রাশেদ (১৬), দিপু বড়–য়া (২০) ও আরাফাত বিন সারোয়ার (১৬)। এদের মধ্যে শাহতাব চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে, আবরার বাকলিয়া সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ও আরাফাত নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
এ ছাড়া দিপু বড়–য়া চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র। বাকি দু’জন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী।
রোববার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিকালে নগর পুলিশ সদর দপ্তর কার্যালয়ে সাংবাদিকদের সামনে তারা চুরির বর্ণনা দেয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শুক্রবার কোতোয়ালি থানায় ডা. এস এম শামসুল আলমের করা একটি চুরির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে নগরীর চকবাজার দেবপাহাড় কলেজ রোডের বাবা ভিলার চতুর্থ তলা একটি ফ্ল্যাট থেকে নগদ টাকা, স্বর্ণ, ল্যাপটপসহ ২৩ লাখ টাকার মালামাল চুরি হয়। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে নগরীর জিইসি মোড় এলাকা থেকে আব্দুল্লাহ আল মুতিকে গ্রেপ্তার করা হয়।
সে-ই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানান পুলিশ কর্মকর্তা মাহমুদ।
তিনি জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে সানমার ওশান সিটি’র সামনে থেকে তানভির ও আরাফাতকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্য মতে নগরীর দেওয়ান বাজার এলাকায় আবরারের বাসা থেকে চুরি যাওয়া ১৩ ভরি স্বর্ণসহ ৩০ হাজার টাকা, ল্যাপটপ, পাঁচটি বিদেশি ঘড়ি, তানিমের চকবাজার জয়নগর বাসা থেকে ৫০ হাজার টাকা, বাদুড়তলা দিপু বড়–য়ার বাসা থেকে ৪ লাখ টাকা, আরাফাতের বাসা থেকে একটি ভিসা কার্ড ও সোমবার দুপুরে রাশেদের শুলকবহরের বাসা থেকে চুরির টাকা দিয়ে কেনা মোবাইল সেট ও স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
আব্দুল্লাহ আল মাহমুদ জানান, তাদের কাছে একটি মাস্টার চাবি রয়েছে। যেটা দিয়ে তারা ওই বাসাতে চুরির কাজ চালায়। এ চাবি দিয়ে যে কোনো তালা খোলা সম্ভব।
তিনি বলেন, ঘটনার দিন ডা. শামসুল আলমের মেয়ের বিয়ের একটি অনুষ্ঠান ছিল। পরিবারের সবাই রাত ৯টার দিকে অনুষ্ঠানে চলে গেলে তারা মাস্টার চাবি ব্যবহার করে চুরির ঘটনা ঘটায়।
ফাহিম, শাহতাব ও রাশেদ ভিসা কার্ড ব্যবহার করে সানমার ওশান সিটি শপিং মল থেকে ৩টি মোবাইল সেটসহ বিভিন্ন জিনিস কিনে ক্রেডিট কার্ড থেকে ৯৮ হাজার টাকা খরচ করেছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/২১০৪ ঘ.
bdnews24