বগুড়া, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া বোমাবাজিতে আটজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছুড়েছে।
গাবতলী উপজেলার তিনমাথা মোড়ে সোমবার দুপুরে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম আযম খান ও যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়।
আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের জন্য মাঠ দখলের মহড়া নিয়ে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
গাবতলী থানার ওসি আকতারুজ্জামান বলেন, বেলা ১২টার দিকে দু’পক্ষই পাল্টাপাল্টি বোমাবাজি করে। এ সময় অন্তত ১৫ থেকে ১৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত আটজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে জানিয়ে ওসি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে পুলিশ।”
এ ঘটনায় আযম খান গ্র“পের আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৮২৭ ঘ.
bdnews24