খুলনা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালিশপুর শিল্পাঞ্চলের মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হত্যা মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মানসরঞ্জন দাস সোমবার বিকালে খুলনা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জমি সংক্রান্ত বিরোধে ২০১০ সালের ২৬ মে রাতে খালিশপুরের লাল হাসাপাতাল রোডের সামনে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী জাহানার বেগম খালিশপুর থানা আওযামী লীগের সাংস্কৃতিক সম্পাদক চৌধুরী মহব্বত হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে চৌধুরী মহব্বত হোসেন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
এসআই মানসরঞ্জন দাস সাংবাদিকদের বলেন, আতাউর রহমান, শফিকুল ইসলাম ওরফে বাবু, খোকন, মোহাম্মদ আলী, মেহেদী হাসান, রাসেল, কামাল, পিয়ারু, পারভীন, সিদ্দিকুর রহমান ও শহীদুল ইসলামের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এরমধ্যে আতাউর রহমান, শফিকুল ইসলাম ওরফে বাবু ও খোকন জেল হাজতে এবং অপর আসামিরা জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৬ ঘ.
bdnews24