আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকতা ও সাহিত্যে স্বচ্ছন্দে বিচরণ করেছেন, সংগঠিত করেছেন সাংস্কৃতিক আন্দোলনকেও। দীর্ঘ বর্ণময় জীবন কাটিয়ে সোমবার ভোরে মারা গেছেন ফয়েজ আহমদ। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯২৮ সালের ২ মে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন একুশে পদকজয়ী এই সাংবাদিক। তার বাবা গোলাম মোস্তফা চৌধুরী এবং মা আরজুদা বানু।
বহু ক্ষেত্রে সংগঠকের ভূমিকা পালন করলেও নিজের সংসার করা হয়নি এ মানুষটির। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। মারা যাওয়ার আগে নিজের চোখ ও দেহ মানবকল্যাণে দান করে গেছেন ফয়েজ আহমদ।
সাংবাদিকতা
ফয়েজ আহমদের সাংবাদিকতা শুরু ১৯৪৮ সাল থেকে। ইত্তেফাক, সংবাদ, আজাদ ও পূর্বদেশের প্রধান প্রতিবেদক ছিলেন তিনি। কাজ করেছেন সাপ্তাহিক ইনসাফ ও ইনসান পত্রিকার হয়েও।
১৯৫০ সালে ‘হুল্লোড়’ এবং ১৯৭১ সালে ‘স্বরাজ’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ফয়েজ আহমদ। ১৯৫২ থেকে ৫৪ পর্যন্ত ঢাকা রেডিওতে পরিচালনা করেন ছোটদের জন্য অনুষ্ঠান ‘সবুজ মেলা’।
১৯৬৬ সালে তার হাত ধরেই পিকিং রেডিওতে (বর্তমান বেইজিং রেডিও) বাংলা ভাষায় অনুষ্ঠান স¤প্রচার শুরু হয়।
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক নিযুক্ত হন ফয়েজ আহমদ। পরে দৈনিক বঙ্গবার্তার প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ১৯৯১ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
রাজনীতি
১৯৪৭ সালে দেশভাগের পর কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে জড়ান ফয়েজ আহমদ। সামরিক শাসক আইয়ূব খানের আমলে ১৯৫৯ সাল থেকে ৪ বছর কারাবন্দি ছিলেন। হাইকোর্ট গঠিত বোর্ডের মাধ্যমে বিচারের পর তিনি মুক্তি পান। এরপর স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও সক্রিয় অংশগ্রহণ ছিল তার।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী গণহত্যা শুরু করলে তিনি জাতীয় প্রেসক্লাব ভবনে আশ্রয় নেন। সেখানেই তিনি পাকিস্তানি বাহিনীর গোলায় আহত হন। পরে চিকিৎসা শেষে কমিউনিস্ট পার্টির সহযোগিতায় কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। কলকাতা থেকে এসে বাংলাদেশের মুক্তাঞ্চলের ওপর প্রতিবেদন পাঠাতেন তিনি।
দেশ স্বাধীন হওয়ার পরও সামরিক শাসক এইচ এম এরশাদের সময়ে একবার কারাবরণ করতে হয় তাকে।
ঊনিশ শ’ আশির দশকের শেষভাগে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের সময় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে আলোচনার টেবিলে বসানোর ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছিলেন তখনকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফয়েজ আহমদ।
সাংস্কৃতিক আন্দোলন
ফয়েজ আহমদ দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি।
১৯৫২ সালে প্রতিষ্ঠিত মুক্ত চিন্তা ও অসা¤প্রদায়িক প্রগতিশীল লেখকদের সংগঠন পাকিস্তান সাহিত্য সংসদের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এই সংগঠনের হয়ে কাজ করতে গিয়ে অনেক প্রতিকূলতার মুখোমুখী হতে হয় তাকে।
১৯৫২ সালে ঢাকায় সম্মেলন করার অনুমতি না পেয়ে কুমিল্লায় স্থানীয় বুদ্ধিজীবীদের নিয়ে সাংস্কৃতিক সম্মেলন করে পাকিস্তান সাহিত্য সংসদ। এই সংসদের পক্ষে ১৯৫৪ সালে ঢাকার কার্জন হলে বাংলা ভাষা ও সাহিত্যের ওপর একটি সম্মেলনের আয়োজন করেন ফয়েজ আহমদ। কলকাতা থেকে আসা কবি-সাহিত্যিক ও শিল্পীরাও অংশ নেন ওই সম্মেলনে।
তিনি ১৯৫৪ সালের অক্টোবরে বিনা পাসপোর্টে ইউরোপ যেতে সক্ষম হন এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ভিয়েনা বিশ্ব যুব সম্মেলনে যোগ দেন। সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে বিশ্বের ৬১টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।
তখনকার পাকিস্তান সরকারের চোখে ধূলো দিতে তিনি যুব সম্মেলনে যোগ দিয়েছিলেন ‘করিম শাহানী’ ছদ্মনামে। এ কারণে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত তিনি এ সম্মেলনে অংশ নেওয়া কথা প্রকাশ করতে পারেননি ।
জাতীয় কবিতা উৎসবের প্রথম পাঁচ বছর আহ্বায়কের দায়িত্ব পালন করেন ফয়েজ আহমদ। ১৯৮২ সালে বাংলা একাডেমীর কাউন্সিল সদস্য নির্বাচিত হন। কিন্তু পরে এইচ এম এরশাদের সামরিক শাসনের প্রতিবাদে পদত্যাগ করেন।
১৯৯২ সালে জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যমত সদস্য ছিলেন ফয়েজ আহমদ। গণ-আদালতের ১১ জন বিচারকের মধ্যে তিনি ছিলেন একজন।
আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
সাহিত্যকর্ম
খ্যাতিমান এই সাহিত্যিকের প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমী ও শিশু একাডেমী পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি।
তার লেখা বইগুলোর মধ্যে প্রবন্ধ সঙ্কলন ‘মধ্যরাতের অশ্বারোহী’ সবচেয়ে বেশি পরিচিতি পায়। শিশু-কিশোরদের জন্যও অসংখ্য ছড়া ও কবিতা লিখেছেন তিনি।
তার বইয়ের মধ্যে, ‘হে কিশোর’, ‘কামরুল হাসানের চিত্রশালায়’, ‘রিমঝিম’, ‘বোঁ বোঁ কাট্টা’, ‘পুতলি’ ‘টুং’, ‘জোনাকী’, ‘ছড়ায় ছড়ায়’ উল্লেখযোগ্য। এছাড়া তিনি চীনসহ বিভিন্ন দেশের পাঁচটি বই অনুবাদ করেছেন।
শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য নুরুল কাদের শিশু সাহিত্য ও মোদাব্বের হোসেন আরা শিশু সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পান তিনি।
১৯৯২ সালে ফয়েজ আহমদের নেতৃত্বেই চালু হয় আর্ট গ্যালারি ‘শিল্পাঙ্গন’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24