ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে পারে না।
তিনি মনে করেন এ বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না।
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে রোববার তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “যারা শিক্ষাকে কেন্দ্র করে ব্যবসা করতে চান তাদের অন্য খাতে বিনিয়োগ করা উচিত।”
“এতে দেশ ও জাতি দুই-ই উপকৃত হবে।”
দুই দশক আগে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর ইতিমধ্যে ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি স্মরণ করে জিল্লুর রহমান বলেন, “প্রশ্ন হচ্ছে এর মধ্যে ক’টি প্রত্যাশানুযায়ী মানসম্পন্ন উচ্চ শিক্ষার নিশ্চিত করতে সক্ষম হয়েছে?”
মানসম্পন্ন শিক্ষা শহরভিত্তিক হয়ে পড়ছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তনে বক্তব্যে রাষ্ট্রপতি ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থে অন্তঃদলীয় কোন্দলে জড়িত না হয়ে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল অতীত পুনরুজ্জীবিত করে জাতি গঠনে আরও বেশি অবদান রাখতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ও জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করেছে। এই নীতি অনুসরণ করে উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করা সম্ভব।”
সমাবর্তনে মোট ছয়শ পাঁচ জনকে আনুষ্ঠানিকভাবে øাতক ও øাতকোত্তর সনদ দেওয়া হয়। এদের মধ্যে তিন জনকে ‘আচার্য স্বণ পদক’ দেওয়া হয়। এরা হলেন- নওরিন নওসাবা, নুসরাত জাহান দিপা ও মারিয়া মতিন।
সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান সমাবর্তন বক্তৃতা উপস্থাপন করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত ও ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক আহমদ চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩৫৫ ঘ.
bdnews24