ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে গ্রন্থাগারসহ ভাষা শহীদ স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় আদালতের আদেশ আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।
২০১০ সালের ২৫ আগস্ট হাই কোর্টের এক রায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় সরকারকে আট দফা নির্দেশনা দেয়।
ওই রায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি লাইব্রেরিসহ জাদুঘর প্রতিষ্ঠা করা এবং সেখানে ভাষা আন্দোলনের তথ্য সংক্রান্ত পুস্তিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।
এ সব নির্দেশনা বাস্তবায়ন না করায় গত ১৩ ফেব্রুয়ারি হাই কোর্ট সংস্কৃতি ও গণপূর্ত সচিবকে তলব করে।
রোববার হাজির হয়ে হলফনামার মাধ্যমে আদালতকে সংস্কৃতি সচিব জানান, হাই কোর্টের আদেশ অনুসারে শহীদ মিনারে তিন জন প্রহরী নিয়োগ করা হয়েছে। অধ্যাপক মুনতাসির মামুনসহ চার জনের একটি কমিটির মাধ্যমে জীবিত ভাষা শহীদদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।
কমিটির সুপারিশ অনুযায়ী ৬৮ জনের একটি তালিকা গেজেটের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শহীদ মিনারের মর্যাদা রক্ষায় আদালতের নির্দেশনাগুলো সাইনবোর্ড আকারে শহীদ মিনারে টাঙানো হয়েছে পূর্ত সচিব আদালতকে জানান।
পরে আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে জানান, ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে জাদুঘর নির্মানের আদেশ থাকলেও এখনো এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পরে আদালত নতুন সময়সীমা দিয়ে জাদুঘর নির্মাণের এই আদেশ দেয়।
২০১০ সালের ওই রায়ে অন্য নির্দেশনাগুলোর মধ্যে ছিল- কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে কোনো সভা-সমাবেশ করা যাবে না। তবে বেদীর পাদদেশে সভা-সমাবেশে কোনো বাধা থাকবে না।
শহীদ মিনার এলাকায় যাতে ভবঘুরেরা ঘোরাফেরা করতে না পারে বা ‘অসামাজিক কার্যকলাপ’ চালাতে না পারে সে জন্য তিন জন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার জন্যও তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
রায়ে আরো বলা হয়, “বিশ্ববিদ্যালয় ও সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও মর্যাদা রক্ষা করতে হবে।”
এছাড়া ভাষা আন্দোলনের শহীদদের মরণোত্তর পদক ও জীবিতদের জাতীয় পদক দেওয়ার নির্দেশও দেয় আদালত।
জীবিত ভাষা সৈনিকদের কেউ সরকারের কাছে আর্থিক সাহায্য চাইলে তা দেওয়ার নির্দেশও দেওয়া হয় রায়ে।
রায়ে বলা হয়, ভাষা সৈনিকদের প্রকৃত তালিকা তৈরির জন্য সরকার একটি কমিটি গঠন করবে। এ বিষয়ে ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, ভাষা সৈনিকদের সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং তাদের জন্য সাধ্যমতো সরকারি সুবিধা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৩০ ঘ.
bdnews24