ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদে ভাষার পাশাপাশি ভাবগত সমস্যাও রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ অধ্যাপক উইলিয়াম র্যাডিচে।
একুশে বইমেলায় বাংলা একাডেমী আয়োজিত এক বক্তৃতায় মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার অনুবাদ প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক এবং বাংলা ভাষা ও সাহিত্যের এ বিশেষজ্ঞ ‘ছন্দের অনুবাদ: মাইকেল মধুসূদন ও রবীন্দ্রনাথের অনুবাদের সমস্যা’ শিরোনামে একটি প্রবন্ধ পড়েন।
এতে তিনি বলেন, “বাংলা থেকে ইংরেজি ভাষান্তরে কিছু জটিল সমস্যা রয়েছে। প্রধান সমস্যা হলো ছন্দকেন্দ্রিক। বাংলা ছন্দের শব্দ বা ধ্বনিগত রূপ অনুবাদে ব্রিটিশ ও আমেরিকান ইংরেজিরও পার্থক্য আছে।”
মাসব্যাপী অমর একুশে বইমেলার আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন র্যাডিচে।
তিনি বলেন, “এমন বিশাল জ্ঞানের মেলা সারাবিশ্বেই বিরল।”
প্রতিযোগিতা
শনিবার সকালে বইমেলা প্রাঙ্গণে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ক-শাখায় সাধারণ জ্ঞান বিষয়ে ১০ জন এবং খ-শাখায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ১০ জন প্রতিযোগী অংশ নেয়।
ক-শাখায় ইনতিসার তাহমিদ, মো. আসিফ হায়দার ও হাসিব রহমান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
খ-শাখায় তাহামিনা তাসনীম রতœা প্রথম, মো. তন্ময় মেহেদী আসিক দ্বিতীয় এবং সামিনা জাহান তৃতীয় স্থান অধিকার করে।
বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার ছাড়াও অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে ‘জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি: প্রীতিলতা ওয়াদ্দেদার’ শীর্ষক আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতার সভাপতিত্বে প্রবন্ধের আলোচনায় অংশ নেন শফিউল আলম, ড. মুহম্মদ শহীদ উজ জামান ও অদিতি ফাল্গুনী।
উপনিবেশ ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে আত্মদানকারী প্রীতিলতাকে ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম শহীদ’ হিসাবে আখ্যায়িত করেন প্রাবন্ধিক।
তিনি বলেন, “প্রীতিলতাকে স¤প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় মরণোত্তর øাতক ডিগ্রি প্রদান করলেও বাংলাদেশের পাঠ্যপুস্তকে এখনও প্রীতিলতাসহ ব্রিটিশবিরোধী বিপ্লবীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। জাতি হিসেবে এটা আমাদের মাথা হেঁট করে দিচ্ছে।”
আলোচনায় বক্তারা পাঠ্যপুস্তকে ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবিসহ ইডেন কলেজকে প্রীতিলতা কলেজ নামকরণ ও তাঁর স্মৃতিতে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের দাবি জানান।
শনিবারের বই
বিকালে মেলায় শুক্রবারের মতো দর্শকের উপস্থিতি না থাকলেও অনেকের আনগোনা ছিল। আর বই বিক্রিতেও সন্তোষ প্রকাশ করেন প্রকাশক-বিক্রেতারা।
শনিবার মেলায় মোট একশ’ ৩৬টি নতুন বই এসেছে। এর মধ্যে গল্প ১৩টি, উপন্যাস ছয়টি, প্রবন্ধ ১৫টি, কবিতা ৩৫টি, গবেষণা দুইটি, ছড়া নয়টি, শিশু সাহিত্য ছয়টি, জীবনী ছয়টি, বিজ্ঞানভিত্তিক চারটি, মুক্তিযুদ্ধ দুইটি, ভ্রমণ তিনটি, ইতিহাস দুইটি, চিকিৎসা একটি, রম্যরচনা পাঁচটি, অনুবাদ একটি, বৈজ্ঞানিক কল্পকাহিনী একটি এবং অন্যান্য ৩২টি বই রয়েছে।
এছাড়া এদিন মেলায় ১৬টি বইয়ের মোড়ক উন্মোচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২২৪৫ ঘ.
bdnews24