ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাপার অক্ষরে বই ও তা রাখার শেলফ, ই-বুক ও তার রিডারসহ ভিন্ন প্যাকেজ নিয়ে বইমেলায় পাঠকদের কাছে হাজির হয়েছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য।
রবীন্দ্র রচনাবলীর বর্ধিতাংশ নিয়েও রয়েছে তাদের আরেকটি প্যাকেজ।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ঐতিহ্য-এর মূল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান এ প্রকাশনা সংস্থার প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।
তিনি বলেন, “ঐতিহ্যের পাঠাগার প্রকল্পের আওতায় ৩৯ হাজার ৯৯০ টাকার বিনিময়ে গ্রাহককে ৫০ হাজার টাকার বই এবং ১৬ হাজার ১০০ টাকা দামের একটি বুক শেলফ দেওয়া হবে। এক্ষেত্রে পছন্দের বই বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে ক্রেতাদের।”
১৭ থেকে ২৯ ফেব্র“য়ারি বইমেলায় ঐতিহ্যের স্টলে এ প্যাকেজের জন্য বুকিং দেওয়া যাবে বলে জানান তিনি।
পাঠকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঐতিহ্যের পক্ষ থেকে বাংলা ই-বুক ও ই-বুক রিডার আনা হয়েছে বলে জানান নাইম।
তিনি বলেন, এ প্যাকেজের আওতায় ১২ হাজার ৯৯০ টাকায় পাঠকের হাতে প্রায় ৪০০ ই-বুক ও ই-বুক রিডার তুলে দেওয়া হবে।
মেলায় ঐতিহ্যের স্টলে এবং এ প্রকাশনীর অন্যান্য শাখায় যে কেউ ৬ হাজার ৯৯০ টাকা জমা দিয়ে ই-বুক রিডারের জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানান তিনি।
রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে তৃতীয় প্যাকেজ আনছে ঐতিহ্য।
প্রকাশনা সংস্থার প্রধান নির্বাহী নাইম বলেন, স¤প্রতি পশ্চিম বাংলায় বের হওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের দুই শতাধিক কবিতার পাশাপাশি তার প্রাক্তলী, বৈকালী, ছিন্নপত্র, ইংরেজি রচনাবলী ও আলোকচিত্রসহ অন্যান্য সৃষ্টিকর্ম পাঁচটি খণ্ডে প্রকাশ করা হচ্ছে।
রবীন্দ্র রচনাবলীর এ পাঁচ খণ্ড সংগ্রহে নিতে মেলায় ও মেলার বাইরে ঐতিহ্যের যে কোন শাখায় কিছু টাকা জমা দিয়ে আগাম নিবন্ধন করা যাবে বলে জানান তিনি।
প্রকাশনা জগতে ২০০০ সালে যাত্রা শুরু করে ঐতিহ্য। বাংলার ঐতিহ্যকে পাঠকের কাছে তুলে ধরার পাশাপাশি তরুণ লেখকদের সুযোগ প্রদান এবং সর্বশেষ জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিকে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা চালিয়ে আসছে এ প্রকাশনা সংস্থাটি।
ঐতিহ্যের মোট প্রকাশনা প্রায় সাড়ে আটশ’। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকাশনার তালিকায় রয়েছে, ১৮ খণ্ডের রবীন্দ্র রচনাবলী, শরৎ রচনাবলী, জীবনানন্দ রচনাবলী, বিভূতি রচনাবলী, মানিক রচনাবলী, শামসুর রাহমান রচনাবলী, আল মাহমুদ রচনাবলী ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/২২৪০ ঘ.
bdnews24