ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবসমাজে অপরাধ প্রবণতা কমাতে খেলাধুলার প্রসারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি শুক্রবার ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে বলেন, খেলাধুলা সংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করে অপরাধ প্রবণতা কমায়। মারাত্মক আসক্তিসহ সব নেতিবাচক প্রভাব থেকে যুবসমাজকে দূরে রাখে।
২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেছিল বাংলাদেশ।
সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গতে তুলতে খেলাধুলাসহ সব ক্ষেত্রে সরকার সহযোহিতা দিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী জানান। ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের ১৯টি স্বর্ণসহ ৯৭টি পদক পাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের বিষয়টি তুলে ধরে তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্বকাপের স্বেচ্ছাসেবকদের মধ্যে সনদ তুলে দেওয়া হয়।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ দলের অধিনায়কের সঙ্গে থাকা ১৪ শিশু, ১৪ দেশের পতাকা বহনকারী ১৪ শিশু এবং ডিসপ্লেতে অংশ নেওয়া ১৫টি স্কুলের একজন করে প্রতিনিধির হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল, বিসিবির পরিচালক দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও সেনাপ্রধান আব্দুল মুবিন অনুষ্ঠানে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/এমআই/১৯৫০ ঘ.
bdnews24