বরগুনা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে চরদুয়ানী বাজারের গৌতম চন্দ্র হাওলাদারকে (১৭) আটক করা হয়। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটির বাবা ও ধর্ষণের চেষ্টাকারী দু’জনই চরদুয়ানী বাজারে চায়ের দোকানদার। গৌতম প্রায়ই শিশুটির বাসায় আসা যাওয়া করে।
“বৃহস্পতিবার সন্ধ্যার পর শিশুটির মা ঔষধ কেনার জন্য ফার্মেসীতে গেলে গৌতম বাসায় গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘণ্টাখানেক পর বাসায় ফিরে মা গৌতমকে আটক করে বাজারের লোকজনকে ডাকেন। পরে পিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ ও সাংবাদিকদের কাছে গৌতম ধর্ষণের চেষ্টা করার কথা স্বীকার করেছে। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৬৪৭ ঘ.
bdnews24