ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়া হচ্ছে বলে সন্দেহ করছে বিএনপি।
তদন্তের অগ্রগতির কথা পুলিশের না জানানো, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এড়ানো কথায় রোববার এই সন্দেহ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় প্রেসক্লাবের ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগও দাবি করেন তিনি।
গত ১১ জানুয়ারি রাজাবাজারের বাসায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সাগর-রুনিকে। এখন পর্যন্ত খুনের কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সেদিনই ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের সময়সীমা পুলিশকে বেঁধে দিয়েছিলেন।
মোশাররফ বলেন, “ঘটনার তদন্ত করে খুনিদের গ্রেপ্তার করা হবে, এটাই স্বাভাবিক। তাহলে কেন সময়সীমা বেঁধে দিয়ে সরকার নাটক তৈরি করল। এখন আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন।
“তাই সাংবাদিক দম্পত্তি হত্যাকাণ্ড নিয়ে যেভাবে কথা-বার্তা হচ্ছে, তাতে আমাদের ভয় হয়, এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া হয় কি না,” বলেন তিনি।
সাংবাদিক সংগঠনগুলো ২২ ফেব্র“য়ারির মধ্যে খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছে। তদন্তেকোনো প্রভাবশালী মহল প্রভাব বিস্তার করছে কি না- সাংবাদিকদের এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার বলেছিলেন, “প্রধানমন্ত্রী নিজে এই তদন্ত তদারক করছেন। তার চেয়ে প্রভাবশালী কে আছে?”
মোশাররফ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী এখন অন্যের ঘাড়ে দায়িত্ব চাপিয়েছেন। আইন শৃঙ্খলার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তাই কেন এটি প্রধানমন্ত্রীকে নিতে হলো, দেশের মানুষ তা জানতে চায়। অতীতে কয়টি হত্যাকাণ্ডের মনিটরিং দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন, তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে।”
“আমাদের বক্তব্য স্পষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ হন, তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে,” যোগ করেন তিনি।
সাগর-রুনির একমাত্র ছেলে মেঘ-এর দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে মোশাররফ বলেন, “শুধু মেঘের দায়িত্ব নিলেই চলবে না, অবশ্যই মেঘের বাবা-মায়ের হত্যাকাণ্ডের দায়িত্বও প্রধানমন্ত্রীকে নিতে হবে।”
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘একুশের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই কথা বলেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, “এই তিন বছরে ৯ হাজার ১০৪টি হত্যাকাণ্ড, ১ হাজার ২৮০টি জন অপহরণের ঘটনা ঘটেছে, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে ৬০০টি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ৪৬০।”
১২ মার্চ ঢাকায় বিএনপির সমাবেশে বাধা দেওয়া হলে তার পরিণাম শুভ হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেন মোশাররফ।
দেশ সাংস্কৃতিক আগ্রাসনের শিকার দাবি করে এতে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “বিপিএল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি শিল্পী এনে ভিন দেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, তা কোনোভাবে ভাষার জন্য আত্মত্যাগের মাসে মানুষের কাছে গ্রহনযোগ্য নয়।”
সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক মোস্তাক রহিম, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24