ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য উদ্ঘাটিত হবেই।
তদন্ত কাজে তৎপরতা আনা এবং চাপ তৈরিতে সময় বেঁধে দেওয়া কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল, ২০১২ পাসের সময় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “সাগর-রুনি হত্যার তদন্ত কাজে সংশ্লিষ্টরা যেন তৎপর হয় সে জন্য চাপ প্রয়োগে সময় বেঁধে দেওয়া হয়।”
“তদন্ত কাজে যেন পুলিশ তৎপর হয়। এটা একটা প্রেসার। আসামীকে ধরার জন্যে এক ঘণ্টা সময় যদি বেঁধে দিই তাহলে তারা তৎপর হবে। এভাবে নির্দেশ দেওয়ার ফলে কাজও হয়েছে।”
৪৮ ঘণ্টা বেঁধে দেওয়া সময়ের মধ্যে কেউই গ্রেফতার না হলেও রহস্য উদঘাটন হবে বলে জানান মন্ত্রী।
সাহারা খাতুন বলেন, “অবশ্যই উদঘাটিত হবে।”
গত শনিবার ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
তবে হত্যাকাণ্ডের পর পাঁচদিনেও কাউকে গ্রেপ্তার বা তদন্তে তেমন কোনো অগ্রগতি পায়নি পুলিশ।
বৃহস্পতিবার আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম সাংবাদিক দম্পতির খুনের তদন্তে বিলম্ব হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন।
সাহারা খাতুন বলেন, “বর্তমান সরকারের মেয়াদে সাংবাদিক খুনের কারণ উন্মোচিত হয়েছে। সাংবাদিক ফরহাদ খাঁর খুনের রহস্য উদ্ঘাটিত হয়েছে।”
বিগত বিএনপি-জামায়াত সরকারের সময় সাংবাদিক হত্যার তথ্য তুলে ধরে চারদলীয় জোটের সমালোচনা করেন মন্ত্রী। স্বতন্ত্র সাংসদ আজিমের বিগত সময়ে ওই জোটে থাকার বিষয়টি স্মরণ করিয়ে দেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০৮ ঘ.
bdnews24