চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নন্দীরহাটে বিভিন্ন ধর্মীয় স্থাপনায় ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ১০ জন হলেন- এমদাদ উল্লাহ (৩২), মো. লোকমান (৪৬), মো. ফরিদ (৩৫), মো. ওসমান (৩৫) মো. আবু তাহের (৪০), মন্জুর আলম, মো. শফি (৩৮), আবদুল করিম (৭০), হাজী মো. বাদশা (৬৫) ও মো. জসিম (৩০)।
এদের মধ্যে জসিম চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পেশায় তিনি রাজমিস্ত্রী।
বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত নন্দিরহাট ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
হাটহাজারী থানা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্দির ভাঙা ও পুলিশের ওপর চড়াও এবং পুলিশকে আহত করার ঘটনায় ৫টি মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়।”
হাটহাজারী থানার ওসি সামিউল আলম জানান, গ্রেপ্তার ১০ জনকে চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদনও করা হয়েছে।
গত বৃহস্পতি ও শুক্রবার নন্দীর হাটে একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে নন্দীর হাটের লোকনাথ সেবাশ্রমে ভাংচুর করে দুর্বৃত্তরা।
এ ঘটনার প্রেক্ষিতে গভীর রাতে একই এলাকায় একটি মসজিদের দেয়াল ভাংচুর করা হয়। এর জের ধরে নন্দীর হাট ও হাটহাজারী সদরে বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাংচুর করা হয়।
এদিকে, একটি মহল পরিকল্পিতভাবে নন্দীর হাট ও হাটহাজারী সদরে বিভিন্ন ধর্মীয় স্থাপনায় ভাংচুর করেছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে।
গ্রেপ্তার ১০ জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (উত্তর) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নন্দীরহাটের ঘটনাটি ছিল পরিকল্পিত। অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে তা করা হয়েছে, যা প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৭ ঘ.
bdnews24