ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার গ্রীষ্মে সারাদেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ৬ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
তিনি জানান, এ চাহিদা গত গ্রীষ্মের তুলনায় প্রায় পাঁচশ মেগাওয়াট বেশি। ওই সময় বিদ্যুতের ঘাটতি ছিলো সাতশ থেকে এক হাজার মেগাওয়াট।
বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
সরকার দলীয় সংসদ সদস্য সাধনা হালদারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গত বছর গ্রীষ্ম মওসুমে ৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয় ৫ হাজার ৩শ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।
এবারের গ্রীষ্মে চাহিদা মেটাতে পরিকল্পনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে প্রায় সাতশ ৫০ মেগাওয়াট এবং পরবর্তী ছয় মাসের মধ্যে আরো এক হাজার দুশ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত চলছে বলে জানান এনামুল।
তিনি বলেন, আসন্ন গ্রীষ্মে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিকাল ৫টা থেকে ছয় ঘণ্টার জন্য সেচ পাম্পসহ সব শিল্প কারখানা এবং রাত ৮টার পর দোকানপাট, মার্কেট, শপিং মল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি বন্ধ রাখা হবে।
তাছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় বেসরকারি খাতে ক্ষুদ্র পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হবে। হুকিং ও পার্শ্বসংযোগসহ অবৈধ বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত রাখার জন্য রাত্রিকালীন অভিযান চালানো হবে।
বেগম ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, সরকার ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে।
জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ৪৮ হাজার গ্রাম বিদ্যুতায়িত হয়েছে।
সালমা ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্যাসের চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি কর্মসূচির মাধ্যমে গ্যাসের মজুদ বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
গত বছরের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম শেষ করে পাঁচশ পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি করা হয়েছে।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সংসদকে জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লোকসান কমিয়ে আনতে সরকার সব ধরণের জ্বালানি তেলের দাম চার দফা বৃদ্ধি করেছে।
ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম চার দফায় প্রতি লিটারে ১৭ টাকা এবং ফার্নেস অয়েলের দাম ছয় দফায় ৩৪ টাকা বাড়ানো হয়েছে। এতে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি হ্রাস পেয়েছে। ইতিমধ্যে বিপিসি’র লোকসানের পরিমাণ হ্রাস পেয়েছে।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদে অধিবেশনের শুরুতে দিনের কার্যসূচির প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৯৪৯ ঘ.
bdnews24