ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের বেসরকারি দিবসে এই সিদ্ধান্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়।
ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সংসদে এ প্রস্তাব আনেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ ছয় নেতা এবং বিএনপির এক সংসদ সদস্যসহ দুই নেতার বিচার চলছে।
প্রধান বিরোধীদল ও তাদের শরিক জামায়াত শুরু থেকেই এই ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে।
এ দুটি দল সমমনাদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসলেও ক্ষমতাসীন দলের নেতারা বলে আসছেন, যুদ্ধপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই বিরোধী দল রাজপথে এই আন্দোলন চালিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮০১ ঘ.
bdnews24