হাসান আলী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কুষ্টিয়া, ১৬ ফেব্র“য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের আসরে পাত্র মোটর সাইকেল দাবি করায় এবার বিয়ে ভেঙে দিলেন কুষ্টিয়ার ববিতা। মেয়ের এই সাহসী পদক্ষেপে পাশে এসে দাঁড়ান তার বাবা-মা।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে এ ঘটনা ঘটে গত সোমবার।
এই ভাঙা বিয়ের পাত্রী ছিলেন গোলাপনগর গ্রামের কৃষক রাজ্জাক আলীর কলেজ পড়–য়া মেয়ে ববিতা খাতুন (১৯)। তিনি ভেড়ামারা মহিলা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবেন। আর পাত্র সান্টু মিয়া (২৫) দৌলতপুর উপজেলার পিয়ারপুর গ্রামের রইজ উদ্দীন মালিথার ছেলে।
মোকারিমপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যৌতুকের কারণেই বিয়ে ভেঙে গেছে বলে আমি শুনেছি।”
এর আগে ঢাকার ইডেন কলেজ থেকে øাতকোত্তর পাস করা বরগুনার মেয়ে ফারজানা ইয়াসমিন বিয়ের পরপরই যৌতুক দাবি করায় তাৎক্ষণিকভাবে তালাক দেন বর শওকত আলী খান ওরফে হীরনকে। গত বছর ১১ নভেম্বর ওই ঘটনা সারা দেশে আলোচনার ঝড় তোলে।
ববিতার বাবা রাজ্জাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫০ হাজার টাকা দেনমোহরে দুই পরিবারের মধ্যে এই বিয়ে ঠিক হয়েছিল।
“কিন্তু বিয়ের আসরে পাত্র ও তার পরিবার আকষ্মিকভাবে যৌতুক হিসাবে মোটর সাইকেল দাবি করলে আমি আতঙ্কিত হয়ে পড়ি।”
সান্টু ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে জেনেও তার সঙ্গে ববিতাকে তিনি বিয়ে দিতে রাজি হয়েছিলেন যৌতুক দিতে হবে না বলেই।
ববিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের জীবনেই স্বপ্ন থাকে। সেই বিয়ের আসর কলঙ্কিত হোক- তা আমরা কেউ চাই না। কিন্তু এদেশে যৌতুকের কারণে স্বামীর সংসারে অনেকে মেয়েকেই নির্যাতিত হতে হচ্ছে।”
“আমার বাবার সাধ্য নেই এতোগুলো টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিবে। যে পাত্রের মধ্যে এমন কু-মনোভাব, তার সংসারে আমি কখনোই সুখী হতে পারব না। যে পাত্র বিয়ের আসরেই যৌতুক দাবি করে, তাকে বিয়ে করা যায় না। ফলে আমি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি”, যোগ করেন ববিতা।
ঘটক আকুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুষ্ঠান আয়োজনের আগে দুই পক্ষের মধ্যে কয়েক দফা কথা হয়। প্রথমে ছেলে মোটর সাইকেল চাইলেও পরে পাত্র দাবি থেকে সরেও এসেছিল।
“তারা কোনো দাবি না থাকার কথা জানালে বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়। কিন্তু বিয়ের আসরে যে যার মতো কথার বিপরীতে কথা তোলায় বিয়েটা ভেঙে গেছে।”
অবশ্য বর সান্টু মিয়া যৌতুক চাওয়ার কথা অস্বীকার করে বলেছেন, দেনমোহরের অংক নিয়ে বিয়ের আসরে ঝামেলা বেঁধেছিল।
“আমি বিয়ে করতে চাইলেও তারা বিয়ে দেয়নি”, বলেন বিয়ের আসরে প্রত্যাখ্যাত সান্টু।
তার ভাই হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পরে অনেক টাকার দেনমোহর করতে চেয়েছিলাম। ভবিষ্যতে কোনো দাবি করবো না বলে জানিয়েছিলাম। তবু তারাই বিয়েটা ভেঙে দিলো।”
অন্যদিকে পাত্রীর বড় ভাই লিখন মিয়া বলেন, “বিয়ের আসরে তারা দেনমোহর বাবদ ৫০ হাজার টাকার বদলে ১ হাজার টাকা এবং যৌতুক হিসেবে মটরসাইকেল দাবি করলে আমরা আপত্তি তুলি।”
“তারা তখন রেগে গিয়ে পাঁচ লাখ টাকার দেনমোহর দিয়ে আমার বোনকে বিয়ে করে নিয়ে যাবে বলে জানায়। তাদের কথায় সন্দেহ হলে আমার বোন জানিয়ে দেয়- সে বিয়ে করবে না”, যোগ করেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন, “ঘটনাটি কি ঘটেছে আমি খোঁজ নিয়ে দেখছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১০৪৫ ঘ.
bdnews24