শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টু-জি লাইসেন্স নবায়ন ও বকেয়া এবং লেট ফিসহ ৮৫৭ কোটি ৪৮ লাখ টাকা চেয়ে চার অপারেটরকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
এ চার অপারেটর হলো- গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের প্রতিনিধি চিঠি নেয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। অপরাটেরদের প্রতিনিধি বিটিআরসি কার্যালয় থেকে চিঠি নেয় বলে জানান তিনি।
আগামী ১০ দিনের মধ্যে ৪ অপারেটরকে টাকা জমা দিতে হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ।
তিনি বলেন, “টাকা জমা না দেওয়া পর্যন্ত লাইসেন্স নবায়ন করা হবে না।”
বুধবার এ চিঠি দেওয়া হবে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন বিটিআরসি চেয়ারম্যান।
বকেয়া টাকার ব্যাখা দিয়ে বিটিআরসির ওই কর্মকর্তা বলেন, ২০১১ সালের নভেম্বরে ১৫ শতাংশ উৎসে কর কেটে রেখে লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি’র প্রথম কিস্তি জমা দেয় চার অপারেটর।
এছাড়া ২০১০ সাল থেকে চার অপারেটর বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি ও স্পেকটার্ম চার্জও ১৫ শতাংশ কেটে জমা দেয়।
সেই টাকা চেয়ে অপারেটরদের পৃথকভাবে দুটি করে চিঠি দেওয়া হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই র্কর্মকর্তা।
২০১১ সালের নভেম্বর থেকে এবং ২০১০ সাল থেকে চার অপারেটরের মোট লেট ফি ধরা হয়েছে ৫৭ কোটি ৮২ লাখ টাকা।
গ্রামীণফোন
গ্রামীণফোনের টু-জি লাইসেন্স নবায়নে লেট ফিসহ ৩৯৬ কোটি ২১ লাখ টাকা দিতে হবে বলে জানান বিটিআরসি’র ঊর্ধ্বতন ওই কর্মকর্তা।
এর মধ্যে লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম ফি বাবদ প্রথম কিস্তির জন্য লেট ফিসহ ২৪৯ কোটি ২৯ লাখ টাকা এবং ২০১০ সাল থেকে গ্রামীণের বকেয়া লেট ফিসহ ১৪৬ কোটি ৭৬ লাখ টাকা দিতে হবে।
রবি
অপারেটর রবিকে লাইসেন্স নবায়ন ও ২০১০ সাল থেকে বকেয়াসহ লেট ফিসহ দিতে হচ্ছে ১৯৯ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে লাইসেন্স নবায়নের জন্য লেট ফিসহ ১৪৬ কোটি ৯০ লাখ এবং বকেয়া লেট ফিসহ ৫২ কোটি ৫৯ লাখ টাকা।
বাংলালিংক
লাইসেন্স নবায়ন ও ২০১০ সাল থেকে বকেয়াসহ অপারেটর বাংলালিংককে লেট ফিসহ দিতে হচ্ছে ২১৭ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে লাইসেন্স নবায়নের জন্য লেট ফিসহ ১৫২ কোটি ৩১ লাখ এবং বকেয়া লেট ফিসহ ৬৫ কোটি ২৩ লাখ।
সিটিসেল
লাইসেন্স নবয়ন ও ২০১০ সাল থেকে বকেয়াসহ অপারেটর সিটিসেলকে লেট ফিসহ দিতে হচ্ছে ৪৪ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে লাইসেন্স নবায়নের জন্য লেট ফিসহ ৩৫ কোটি ৯৭ লাখ এবং বকেয়া লেট ফিসহ ৮ কোটি ২৬ লাখ টাকা দিতে হবে।
অপারেটরদের বক্তব্য
বিটিআরসি’র চিঠি বিষয়ে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধরনের কোনো চিঠি পাইনি, চিঠি পাওয়ার পর এ ব্যাপারে মন্তব্য করা হবে।”
বাংলালিংকের জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মাসহিদ রহমান বলেন, “বিটিআরসির চিঠি পেয়েছি, আগামী ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করার জন্য বলা হয়েছে।”
রবি’র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, পরে এ বিষয়ে জানানো হবে।
সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স তাসলিন আহমেদ বলেন, তারা চিঠি পেয়েছেন এবং পরে এ বিষয়ে বক্তব্য দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১৪৯ ঘ.
bdnews24