২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জামিন চাইলেন গোলাম আযম

জামায়াত নেতার বয়স ও শারীরিক অবস্থার কথা তুলে ধরে তার আইনজীবীদের এই আবেদনের বিষয়ে আদেশ হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযম পুনরায় জামিন চেয়েছেন। আগামী ২৩ ফেব্র“য়ারি এ বিষয়ে আদেশ হবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম আযমের আইনজীবীরা জামিনের পাশাপাশি আরো কয়েকটি আবেদনও করেন। গোলাম আযমের উপস্থিতিতেই এর শুনানি চলে। গোলাম আযমের ৮৯ বছর বয়সের বিষয়টি তুলে ধরে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামিন পাওয়ার পক্ষে যুক্তি দেখান। তবে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু জামায়াত নেতার চিকিৎসার বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে এর বিরোধিতা করেন। এরপর ট্রাইব্যুনাল জানায়, এ বিষয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি আদেশ দেওয়া হবে। এর আগেও গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেছিলেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম, তবে ট্রাইব্যুনাল সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে ৫২ দফা যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উত্থাপন করেছে প্রসিকিউশন বিভাগ। এই অভিযোগপত্রের ৫২টি পৃষ্ঠা পাঠযোগ্য নয় বলে গোলাম আযমের আইনজীবীরা তুলে ধরলে দুই দিনের মধ্যে তা দিতে প্রসিকিউশন বিভাগকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। প্রাথমিক যে অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত চালানো সিদ্ধান্ত নিয়েছে, আসামি পক্ষ সেই অভিযোগের অনুলিপি চাইলে তা নাকচ করে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলেছে, ওই বিষয়টির ওপর ভিত্তি করে প্রসিকিউশন বিভাগ অভিযোগ আনছে না, প্রসিকিউশন বিভাগ এর ওপর নির্ভরও করছে না। ফলে যা নথি হিসেবে প্রসিকিউশন ব্যবহার করছে না, তা আসামি পক্ষও পেতে পারে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৩৩৬ ঘ.