২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দাখিল পরীক্ষার্থী ও মাদ্রাসা সুপার আটক

জালিয়াতি করে অন্যের বদলে দাখিল পরীক্ষা দেওয়ার চেষ্টা করায় বগুড়ায় দুই শিক্ষার্থীসহ এক মাদ্রাসা সুপারকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

বগুড়া, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতি করে অন্যের বদলে দাখিল পরীক্ষা দেওয়ার চেষ্টা করায় বগুড়ায় দুই শিক্ষার্থীসহ এক মাদ্রাসা সুপারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ডিইউএস ফাযিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পরীক্ষার্থী জুলেখা (১৮), সুলতান মাহমুদ (১৮) এবং স্থানীয় গাংগইট দাখিল মাদ্রাসার সুপার মো. শাহজাহান আলী। দু’জন শিক্ষার্থী পরীক্ষা দেবে না জানতে পেরে তাদের করা নিবন্ধন নম্বরে জালিয়াতির মাধমে নিজেদের নাম বসিয়ে তারা পরীক্ষা দিচ্ছিলেন বলে পুলিশ জানায়। শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএসসি সমমানের চলতি দাখিল পরীক্ষায় মঙ্গলবার আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। আটক মাদ্রাসা সুপারের সহায়তায় ওই দুই পরীক্ষার্থী জাল কাগজপত্রের মাধ্যমে পরীক্ষায় অংশ নেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান কেন্দ্রে গিয়ে প্রবেশপত্র যাচাই ও পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেন। তারা অন্যের নিবন্ধন নম্বরে তারা পরীক্ষা দিচ্ছে নিশ্চিত হয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাঙ্গইট দাখিল মাদ্রাসার সুপার শাজাহানকেও কেন্দ্র থেকে আটক করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই শিক্ষার্থী পরীক্ষা দেবে না জেনে মাদ্রাসা সুপার তাদের নিবন্ধ নম্বরে জুলেখা ও সুলতানের নাম জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২০৪ ঘ.