ময়মনসিংহ, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা মামলায় থানায় আটকে এক প্রবীণ মুক্তিযোদ্ধাকে চোখ বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মংমনসিংহ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে সিপিবি নেতারা মুক্তিযোদ্বা ও তারাকান্দা সিপিবি সভাপতি আবুল হাশেমের (৬৫) ওপর নির্যাতনকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের শাস্তি এবং পুলিশের করা ‘মিথ্যা অভিযোগের’ মামলা প্রত্যাহারের দাবি করেন।
আবুল হাশেম ও তার পরিবারের দাবি, এলাকায় তাদের প্রতিপক্ষের সঙ্গে যোগসাজসে মিথ্যা অভিযোগে মামলা করে এ নির্যাতন চালায় পুলিশ।
বিষয়টি পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানানো হয়েছে বলে জানান সিপিবি নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিল্লাত।
তিনি বলেন, গোপালপুর এলাকায় একটি জামি নিয়ে ময়মনসিংহ শহরের বাসিন্দা রফিকুল ইসলামের সঙ্গে আবুল হাশেমের বিরোধ চলছিল। এ নিয়ে তাদের পাল্টাপাল্টি মামলাও হয়েছে।
গত ৬ ফেব্র“য়ারি রাতে জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আবুল দেখেন পুলিশও হামলাকারীদের সঙ্গে রয়েছে। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়লে হামলাকারী ও পুলিশ চলে যায়।
সিপিবি নেতা বলেন, গত ৮ ফেব্র“য়ারি রাতে তারাকান্দা থানার এসআই রাজ্জাক সিপিবি নেতা আবুল হাশেমকে গ্রেপ্তার করেন। এরপর রাতে থানায় চোখ বেঁধে তাকে মারধর করেন।
এ ব্যাপারে তারাকান্দা থানার এসআই আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তার করা মামলায় আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।”
তবে আবুল হাশেমকে নির্যাতনের অভিযোগ তিনি অস্বীকার করেন। তারাকান্দা থানার ওসি নরেন্দ্র নাথও এই অভিযোগ অস্বীকার করেন।
এদিকে মানবাধিকার কমিশনের জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু বলেন, থানায় আসামিকে নির্যাতন করে পুলিশ অন্যায় করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24