কুষ্টিয়া/ঝিনাইদহ, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘চরমপন্থী’ নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব।
সোমবার রাত ৮টায় ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পদমদী গ্রামে এ ঘটনায় নিহত হয়েছেন স্থানীয় গণবাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড তবিবর রহমান তোতা (৩৫)। তিনি পাশের শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক মেজর মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তোতার বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকুপা, কুষ্টিয়া সদর, ইবি এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল পদমদীতে জনৈক মতিয়ারের বাড়িতে অবস্থানকারী সন্ত্রাসীদের ধরতে গেলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে একজন নিহত হয়।
র্যাব কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি শটগান, একটি ওয়ান শুটার গান, দু’টি এলজি, দু’টি বোমা, ১৫ রাউন্ড গুলি ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24