চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্যাঙ্গনে হুমায়ুন ফরীদির শূন্যতা অপূরণীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
৮০ থেকে ৯০ দশকে মঞ্চ কাপানো এ গুণী নাট্যব্যক্তিত্বের অকালে চলে যাওয়ার শুন্যতা কোনভাবেই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন তারা।
সোমবার সকালে ধানমণ্ডির বাসায় ৬০ বছর বয়সে মারা যান এই অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে মঞ্চ, চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “হুমায়ুন ফরীদির অভাব কখনো পূরণ হবার নয়।”
সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন বলেন, “হুমায়ুন ফরীদি ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন অভিনেতা। বাংলাদেশের নাট্য চর্চার ইতিহাসে তার অবদান অপরিসীম।”
“এমন একজন গুণী নাট্যব্যক্তিত্বের হারিয়ে যাওয়ায় নাট্যাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ অপুরণীয়”, যোগ করেন তিনি।
বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলির সদস্য সুচরিত দাশ খোকন বলেন, “হুমায়ুন ফরীদি বাংলাদেশ গ্র“প থিয়েটার নাটকে একজন পাথেয় ছিলেন। তার মতো আর একজন অভিনেতা কখনোই তৈরি হবে না।”
হুমায়ুন ফরীদির মৃত্যুতে নাট্যাঙ্গনের বড় ধরনের ক্ষতি হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ বলেন, “একজন শক্তিশালী এবং তুখোড় অভিনেতাকে আমরা অসময়ে হারালাম।”
প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, নাট্য ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন বড়মাপের মানুষ ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএ/১৮৫১ ঘ.
bdnews24