বেনাপোল, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে সরকারের আমদানি করা দোতলা বাসের প্রথম চালান বেনাপোল স্থল বন্দরে এসে পৌঁছেছে সোমবার।
বেনাপোল স্থল বন্দরের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আমির মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কেনা ২৯০টি দোতলা বাসের প্রথম চালানে ১২টি বাস এসেছে।
বাসগুলোর রপ্তানিকারক হল ভারতের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অশোক লিল্যান্ড, বলেন তিনি।
বিআরটিসি চেয়ারম্যান এমএম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ চালানে রয়েছে ১২টি বাস। এগুলোর প্রতিটির মূল্য পগেছে ৬৫ থেকে ৭০ লাখ টাকা।
তিনি আরো বলেন, জনপরিবহনে সেবার মান বাড়াতে ও বর্তমানে জনপরিবহনের উপর চাপ কমাতে এ বাসগুলো কিনেছে সরকার। ভারত সরকারের দেওয়া ১০০ কোটি ডলার ঋণ চুক্তির সহায়তায় এগুলো কেনা হচ্ছে।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আকবর হোসেন জানান, বাসগুলো বর্তমানে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে। শুল্ক, কর প্রভৃতি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ছাড়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১১ ঘ.
bdnews24