২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাগর-রুনি খুন তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি’

অগ্রগতির দাবি করলেও গ্রেপ্তার বা অপরাধী সনাক্তের বিষয়ে এখনি কিছু বলতে রাজি হননি পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে না পারলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার। তবে ‘তদন্তের স্বার্থে’ গ্রেপ্তার বা অপরাধী সনাক্তের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খোন্দকার বলেন, “আমরা সবাই তদন্তের বিষয়ে আন্তরিক। তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা এ বিষয়ে ইতিবাচক তথ্য দিতে পারব বলে আশা করছি।” বিভিন্ন রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে তিন দিনের ত্রৈমাসিক অপরাধ সভার শেষ দিনে ডাকা এই সংবাদ সম্মেলনে মূলত সাগর-রুনি হত্যাকাণ্ডই প্রাধান্য পায়। সংবাদ সম্মেলনের শুরুতেই সাংবাদিক দম্পতি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন আইজিপি। এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা অপরাধী সনাক্ত হয়েছে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি হাসান বলেন, তদন্তের স্বার্থে এসব বিষয়ে এখন কথা বলা উচিৎ হবে না। গত শনিবার ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। শনিবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করার পর ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। রোববার তিনি বলেন, যেভাবেই হোক, প্রতিশ্র“ত সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। পুলিশের পক্ষ থেকেও সে ধরনেরই ইঙ্গিত দেওয়া হয়েছিল। সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া সেই সময় শেষ হয়েছে। এ বিষয়ে হাসান মাহমুদ বলেন, “সব সময় বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত করা সম্ভব হয় না। তবে আমি বলব, তদন্ত সফলভাবে এগিয়ে চলেছে।” বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানানো হয়েছে বলে তিনি জানান। আইজিপি বলেন, “কাজ ত্বরান্বিত হবে ভেবেই মন্ত্রী সময় বেঁধে দিয়েছেন। আর এটাও সত্য যে এতে অনেক সুবিধাও হয়েছে।” তদন্ত শেষ করতে আর কত সময়ের প্রয়োজন হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, আশা করা হচ্ছে খুব শিগগিরই এ ব্যাপারে কিছু জানানো সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমআই/১৯০২ ঘ.