সৈয়দ নাহাস পাশা
লুবিয়ানা থেকে
লুবিয়ানা (স্লোভেনিয়া), ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার রাজধানী লুবিয়ানায় শনিবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ কারি ফেস্টিভাল।
যুক্তরাজ্যভিত্তিক কারি লাইফ ম্যাগাজিনের উদ্যোগে রান্নার এই উৎসবে যোগ দিয়েছেন তিন জন ব্রিটিশ বাংলাদেশি শেফ।
শনিবার আনুষ্ঠানিকভাবে উৎসব উদ্বোধন করেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান ও স্লোভিনিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত এন্ড্রু পেইজ। অনুষ্ঠানে ভারতীয় সহকারী রাষ্ট্রদূত সুরিন্দর দত্তও ছিলেন।
লুবিয়ানার অভিজাত হোটেল পার্ক-এ ১৫ ফেব্র“য়ারি পর্যন্ত এই বাংলাদেশ কারি ফেস্টিভ্যাল চলবে।
লুবিয়ানায়র প্রথম কারি ফেস্টিভালে ভিনদেশি খাবার ভালবাসেন যারা, তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী শেফ পার্থ মিত্র, শেফ কায়সার আহমদ ও শেফ কাওসার মিয়া জানিয়েছেন, তারা ৩০টি ভিন্ন ভিন্ন ডিশ এর একটি মেন্যু তৈরি করেছেন।
জার্মানির পাশাপাশি স্লোভেনিয়ার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান বলেন, “বাঙালিদের সংস্কৃতি যেমন সমৃদ্ধ তেমনি খাবার দাবারেও বাংলাদেশের আলাদা ঐতিহ্য রয়েছে। বাঙালিরা তাদের খাবার নিয়ে বিশ্বের অনেক দেশেই ভোজন রসিকদের মন জয় করে নিয়েছেন।”
স্লোভেনীয় অতিথিদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশিদের সমৃদ্ধ খাবারে আপনারাও আকৃষ্ট হবেন এই গ্যারান্টি আমি দিতে পারি।”
ব্রিটিশ রাষ্ট্রদূত এন্ড্রু পেইজ বলেন, “বাংলাদেশি কারি আজ ব্রিটেনে এটি একটি বিশাল বাজার তৈরি করে আছে। ৪ দশমিক ২ বিলিয়ন পাউন্ডের এই ব্যবসার দ্বারা ব্রিটিশ অর্থনীতিতে অবদান রাখছেন।”
উৎসবের পরিচালক সৈয়দ বেলাল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশি শেফরা ব্রিটেনে সফলতা অর্জন করেছেন। তাদের এই সাফল্য ও বাংলাদেশি খাবারের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ।
কারি লাইফ সাময়িকী গত ১০ বছর ধরে বাংলাদেশ ভারত, ব্রিটেন, স্পেন, সুইডেন ও ইউরোপের বিভিন্ন দেশে ফুড ফেস্টিভ্যাল ও নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
লুবিয়ানার পার্ক হোটেলের ডিরেক্টর আলেস গ্লাভান ব্রিটিশ বাংলাদেশি শেফদের নিয়ে বাংলাদেশি খাবারের উৎসবের জন্য কারি লাইফকে ধন্যবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এমআই/০০৫৫ ঘ.
bdnews24