২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া চিকিৎসা সনদ: চিকিৎসক কারাগারে

ভুয়া চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম নাজমুল হক একইসঙ্গে অভিযুক্ত ডা. মো. হুমায়ুন কবিরের (৪৮) বিরুদ্ধে মামলা করারও আদেশ দেন। ডা. হুমায়ুন কবির বগুড়ার বেসরকারি রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের রেজিস্ট্রার (অর্থোপেটিক)। রংপুরের কোতোয়ালির চকবাজার এলাকার আব্দুর রউফের ছেলে তিনি। সিরাজগঞ্জ আদালত পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ বলেন, সমন জারি করলে সকাল সাড়ে ১১টায় ওই চিকিৎসক সিরাজগঞ্জ আদালতে হাজির হয়ে তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বিচারকের আদেশে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডা. হুমায়ুন কবিরকে জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা বলেন, জাল সনদ দেওয়ার অভিযোগে সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতের পেশকার বোরহান উদ্দিন বাদী হয়ে সলঙ্গা থানায় এই চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার নথি থেকে জানা যায়, জমিজমা নিয়ে মারামারিতে আহত হয়ে সলঙ্গা উপজেলার রহিমাবাদ গ্রামের বদিউজ্জামানের ছেলে নজরুল ইসলাম (২৮) গত ২৭ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের রেজিস্ট্রার (অর্থোপেটিক) ডা. মো. হুমায়ুন কবির নিজ চেম্বারে উপস্থিতি দেখিয়ে ২৯ ডিসেম্বর ওই রোগীকে চিকিৎসা দিয়েছেন মর্মে সনদ দেন। ওই সনদ দেখিয়ে নজরুলের ভাই রব্বানী খন্দকার প্রতিপক্ষের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা করেন। মামলাটি বিচারাধীন অবস্থায় সনদের অসংঙ্গতির বিষয়টি বিবাদীপক্ষের আইনজীবী বিচারকের নজরে আনলে ডা. হুমায়ুনকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য গত ২৩ জানুয়ারি সমন জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২১ ঘ.