২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাদ্রাসাছাত্র-জনতা সংঘর্ষে আহত ৫০

সিলেটের কানাইঘাট উপজেলায় মাদরাসা ছাত্র ও এলাকাবাসীর সংঘর্ষে দু’পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

সিলেট, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাট উপজেলায় মাদরাসা ছাত্র ও এলাকাবাসীর সংঘর্ষে দু’পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছে। কানাইঘাটের সড়কের বাজার আহমদিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার জেরে রোববার দুপুরে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষ চলাকালে সিলেট-জকিগঞ্জ সড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এবং সড়কের বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে রয়েছেন আবুল কালাম আজাদ, জুবায়ের আহমদ, আব্দুর রহমান, নাবিলা বেগম, হাবিবুর রহমান, মাহমুদ, ফরিদ উদ্দিন, বজলুর রহমান,আব্দুস সবুর, জয়নুল ইসলাম, মুতলিব, আজির আহমদ, আজিজুল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন ও আজিজুল হক। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কানাইঘাট থানার উপ-পরিদর্শক এসআই শফিক খান বলেন, সড়কের বাজার আহমদিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস ছমিরের বিরুদ্ধে এলাকাবাসী দুর্নীতির অভিযোগ করে। এর প্রতিবাদে মাদ্রাসা ছাত্ররা সড়কের বাজারে মিছিল বের করলে এলাকাবাসী পাল্টা মিছিল বের করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় কোনো পক্ষ এখনো মামলা করেনি বলে জানান তিনি। কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আহমদ চৌধুরী বলেন, মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতির তদন্ত চেয়ে স্থানীয় লোকজন জেলা প্রশাসকের কাছে আবেদন করে। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ মাওলানা আবদুস ছমির স্থানীয় সড়কের বাজারের ব্যবসায়ী ও এলাকার লোকজনের বিরুদ্ধে বহিরাগত ছাত্রদের উস্কে দেন। ছাত্ররা মিছিল নিয়ে বাজারের আলী হোসেন কাজল ও মিছবাহসহ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগকারীদের ব্যবসায়ীদের দোকানে হামলা ও লুটপাট চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৪৮ ঘ.