২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স জটিলতা কাটাতে মন্ত্রণালয়-বিটিআরসি বৈঠক

টেলিযোগাযোগ খাতের তিন ধরনের ৮৫টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া নিয়ে টানাপড়েনের অবসানে বৈঠক করেছে মন্ত্রণালয় ও বিটিআরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ খাতের তিন ধরনের ৮৫টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া নিয়ে টানাপড়েনের অবসানে বৈঠক করেছে মন্ত্রণালয় ও বিটিআরসি। গত বৃহস্পতিবার লাইসেন্সের জন্য ৮৫টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এরপর লাইসেন্স দিতে ওই তালিকা পাঠানো হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি)। তালিকা পাওয়ার পর বিটিআরসি একটি চিঠি পাঠিয়ে মন্ত্রণালয়কে বলে, মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিৎ, এ পরিমাণ লাইসেন্স দেওয়া হলে টেলিকম খাতে বাজার ভারসাম্য নষ্ট হবে। এই নিয়ে টানাপড়েনের মধ্যে রোববার বিকালে সচিবালয়ে বৈঠক বসে মন্ত্রণালয় ও বিটিআরসির কর্মকর্তারা, এতে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুও ছিলেন। মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিটিআরসির পূর্নমূল্যায়নের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী দুই-এক দিনের মধ্যে মন্ত্রণালয়ের অবস্থান জানানো হবে। লাইসেন্সের সংখ্যা কমবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “সংখ্যা চূড়ান্ত করে দেওয়া হয়েছে, বিটিআরসি’র যাচাই-বাছাইয়ে কিছু বাদ পড়তে পারে।” তবে এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় থেকে চিঠির জবাব পাওয়ার পরই এ বিষয়ে মন্তব্য করবেন তিনি। ৮৫টি প্রতিষ্ঠানকে তিন ধরনের লাইসেন্স দেওয়া হলে টেলিকম খাতে বাজার ভারসাম্য নষ্ট হবে বলে বিটিআরসির পাশাপাশি অপারেটররাও মনে করছেন। ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য ২৫টি, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য ২১টি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৩৯টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে বৃহস্পতিবার তালিকা পাঠানো হয় বিটিআরসিতে। লাইসেন্স দেওয়ার জন্য মন্ত্রণালয়ের চূড়ান্ত ক্ষমতা থাকলেও এ বিষয়ে বিটিআরসিকে মূল্যায়ন করে তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শর্তের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে একাধিক অংশীদারিত্ব থাকলে তা বিবেচনা করতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই প্রতিষ্ঠান যদি একাধিক লাইসেন্সের জন্য মনোনীত হয় বা একই ব্যক্তির বিভিন্ন লাইসেন্সে অংশীদারিত্ব থাকে, তাহলে তাকে একাধিক লাইসেন্স না দিয়ে একটি মাত্র দেওয়া হবে। আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি লাইসেন্সে পেতে গত ৮ ডিসেম্বর ১৫৩টি প্রতিষ্ঠান আবেদন করে। এই প্রতিষ্ঠানগুলোর রেটিং করে গত সপ্তাহে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় বিটিআরসি। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান আইসিএক্স, আইজিডব্লিউ ও আইআইজি লাইসেন্স নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ২০ অক্টোবর আরো কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। আইসিএক্স হলো বিভিন্ন ভয়েস অপারেটরের মধ্যে আন্তঃসংযোগের ব্যবস্থা। বর্তমানে সব ভয়েস অপারেটর তিনটি আইসিএক্সের (বিটিসিএল, গেটকো ও আরঅ্যান্ডএইচ) সঙ্গে যুক্ত। আইসিএক্সগুলো আন্তর্জাতিক কলগুলো আদান-প্রদানের জন্যে আইজিডব্লিউর সঙ্গে সংযুক্ত থাকে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল, বাংলা ট্র্যাক আইজিডব্লিউ সেবা দেয়। বর্তমানে আইআইজি সেবা দিচ্ছে ম্যাংগো এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে ব্যান্ড উইডথ বিক্রি করা এ সার্ভিসের মূল কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০২৫ ঘ.