চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘাট ও গুদাম শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে মালামাল খালাস বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকে ঘাটগুলোতে থাকা লাইটারেজ জাহাজগুলো থেকে কোনো পণ্য গুদামে নেওয়া যায়নি।
ঘাট-গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা শাহ আলম মোড়ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শ্রমিকরা লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে দিয়েছে। এ সময় শ্রমিকরা কর্ণফুলী নদী সংলগ্ন বাংলাবাজার ঘাট এলাকায় মিছিল-সমাবেশও করে।
শনিবার রাতে শ্রমিকদের চাঁদা সংগঠনে জমা দেয়া নিয়ে বিতণ্ডার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘাট-গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক আলমগীর শরিফসহ দুই পক্ষের চারজন আহত হন।
ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাহবুবুল হক এটলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের কাছ থেকে সংগ্রাম পরিষদের নেতারা অবৈধভাবে চাঁদা নিচ্ছিল। এতে বাধা দিলে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়।
লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের ভারপ্রাপ্ত পরিচালক মাহবুব রশিদ বলেন, কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে ও নদীতে ৭৪ হাজার টন বিভিন্ন মালামাল নিয়ে ৭৩টি লাইটারেজ জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/এসইউ/১৭০৮ ঘ.
bdnews24