চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্র নিহতের ঘটনায় গঠিত তদন্ত ও লিয়াজোঁ কমিটি প্রত্যাখ্যান করেছে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা।
শনিবার দুপুরে এক মৌন মিছিল শেষে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানান তারা।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের করা তদন্ত কমিটিকে আমরা মানি না।”
কারণ ব্যাখ্যা করে এ শিক্ষক বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষ ও ছাত্র খুনের ঘটনায় জড়িতদের বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। আর সিন্ডিকেট সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ফলে এ তদন্ত নিরপেক্ষ হবে না।
লিয়াজোঁ কমিটিতে সদস্যদের জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে বলেও দাবি করেন জামায়াত সমর্থক হিসেবে পরিচিত মহিউদ্দিন।
বুধবার ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হয়। শিবির দুজনকে তাদের কর্মী দাবি করলেও ছাত্রলীগ বলছে, একজন ছাত্রলীগকর্মী।
সাদা দলের শিক্ষকরা ওই ঘটনার জন্য চবি প্রশাসন ও পুলিশ প্রশাসনের অবহেলাকে দায়ী করেন। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিও জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আ ন ম মুনীর আহমদ, অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী, অধ্যাপক হাসান মোহাম্মদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী এবং ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/আরআরডি/২২৫১ ঘ.
bdnews24