২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুলে অন্য সাংসদের নাম বলায় শিক্ষক লাঞ্ছিত

সিলেটের দক্ষিণ সুরমায় একটি অনুষ্ঠানে ভুল করে সাবেক সংসদের নাম বলায় স্কুল শিক্ষককে বর্তমান সাংসদ লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

সিলেট, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় একটি অনুষ্ঠানে ভুল করে সাবেক সংসদের নাম বলায় স্কুল শিক্ষককে বর্তমান সাংসদ লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এর জেরে স্কুলটির শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে সাংসদের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় ছবি তুলতে গিয়ে সাংসদ সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন একটি দৈনিকের চিত্র সাংবাদিক। শনিবার সিলাম ইউনিয়নের নবারুণ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিকেলে এলাকাবাসী এই ঘটনার প্রতিবাদে ‘জুতা মিছিল’ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে মঞ্চে আসন গ্রহণের জন্য আওয়ামী লীগ দলীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলে অনুষ্ঠান পরিচালনাকারী ওই শিক্ষক ভুল করে সাবেক সাংসদ বিএনপি নেতা শফি আহমদ চৌধুরীর নাম বলে ফেলেন। লাঞ্ছিত শিক্ষক ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভুল করে সাবেক সাংসদের নাম বলার সঙ্গে সঙ্গে সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী তার দিকে তেড়ে আসেন। এক পর্যায়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এ নিয়ে স্কুলের শিক্ষার্থী ও এলাকার লোকজনের সঙ্গে সাংসদের সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। ডেইলি সানের আলোকচিত্রী এ এইচ আরিফ বলেন, শিক্ষককে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া ও দু’পক্ষের হাতাহাতির দৃশ্য ধারণ করতে গেলে সাংসদের সমর্থকরা তাকে লাঞ্ছিত করে ক্যামেরা কেড়ে নেয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কফিল আহমদ চৌধুরী জানান, অনুষ্ঠান উপস্থাপক বর্তমান এমপির স্থলে সাবেক এমপির নাম বলায় মাহমুদ উস সামাদ চৌধুরী তাকে ধমক দেন। এনিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সাংবাদিক এ. এইচ আরিফ ছবি তুলতে গেলে এলাকার কিছু যুবক তাকে বাধা দেয়। এ ব্যাপারে সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১২ ঘ.