২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে একটি মহল’

হাটহাজারীতে মন্দির ভাংচুরের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে স্থানীয়রা বলছেন, ‘সম্প্রীতি নষ্ট করতে একটি মহল এই ঘটনা ঘটিয়েছে। সেই সঙ্গে প্রশাসনের উদাসীনতাকেও দায়ী করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারীতে মন্দির ভাংচুরের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে স্থানীয়রা বলছেন, ‘সম্প্রীতি নষ্ট করতে একটি মহল এই ঘটনা ঘটিয়েছে। সেই সঙ্গে প্রশাসনের উদাসীনতাকেও দায়ী করেছেন তারা। এদিকে মন্দির ভাংচুরের পর উত্তেজনার প্রেক্ষাপটে হাটহাজারী সদর ও নন্দীরহাটে জারি করা ১৪৪ ধারা শনিবার সকালে প্রত্যাহার করা হয়েছে। তবে ওই এলাকা ঘুরে মানুষে চোখে আতঙ্কের ছাপ দেখা গেছে, যদিও ফতেয়াবাদ, নন্দীরহাট এবং উপজেলা সদরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। বৃহস্পতিবার নন্দীরহাটের লোকনাথ সেবাশ্রমের বার্ষিক মহোৎসবের শোভাযাত্রা একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজনের তর্কাতর্কির পর সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত চারটি মন্দির ভাংচুর, একটি মন্দিরে আগুন এবং হিন্দুদের বাড়ি ও দোকান ভাংচুর-লুটপাট হয়। এরমধ্যে বৃহস্পতিবার গভীর রাতে একই এলাকার হাজী পাড়া জামে মসজিদের দেয়াল ভাংচুর হয়। তবে বিষয়টি সন্দেহজনক বলে স্থানীয় অনেকেই মনে করছে। লোকনাথ সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকার ‘সম্প্রীতি নষ্ট করতে একটি মহল এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।” একই সুর ছিল স্থানীয় হাজী পাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমানের কণ্ঠেও। তিনি বলেন, এই এলাকায় মুসলিম-হিন্দু সবার মধ্যেই দীর্ঘদিন ধরে সদ্ভাব রয়েছে। বৃহস্পতিবার সকালে উৎসবের শোভাযাত্রা নিয়ে যে সমস্যা হয় তা সমাধানের জন্য বৈঠকের সময় লোকনাথ মন্দির ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বাইরের কারো ইন্ধনের সন্দেহ প্রকাশ করে লোকমান বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা উচিত।” বৃহস্পতিবার সকালের ঘটনার পর প্রশাসন তৎপর থাকলে বিষয়টি এতদূর গড়াত না বলেও মনে করেন তারা। মন্দির ভাংচুর এবং স¤প্রীতি নষ্টের চেষ্টার পেছনে জামায়াত ও ছাত্রশিবিরের ইন্ধন থাকতে পারে বলে অভিযোগ করেন ওই এলাকার অনেকেই। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরকর্মী নিহত হওয়ার জের ধরে তারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে এ ঘটনায় তাদের ইন্ধন যোগাতে পারে। একই সন্দেহের কথা শুক্রবার বলেছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগনেতা এম এ সালামও। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটহাজারীর পরিস্থিতি এখন ভাল। কোনো সমস্যা নেই। এ ঘটনায় দুটি মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত হচ্ছে। এ ঘটনায় শিবিরের ইন্ধন রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “কোনো সম্ভাবনার বিষয় আমরা উড়িয়ে দিচ্ছি না।” শনিবার নন্দীর হাট এলাকায় গিয়ে দেখা যায়, ব্রাক্ষণপাড়ায় হিন্দু পরিবারের তিনটি বাড়ি পুড়েছে। ওই পরিবারের সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার লোকজন আগুন দিতে পারে বলে তাদের বিশ্বাস হচ্ছে না। শুক্রবার সারারাত নির্ঘুম কাটানোর কথা জানিয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২০০ ঘ.