সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু বহুমুখী সেতুর টোল সংগ্রহের টাকা চুরি ও দুর্নীতির অভিযোগে ১০ কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
এরা হলেন- শিফট-ইন-চার্জ সজল বিশ্বাস, মো. শফিকুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম এবং টোল কালেক্টর (টিসি) জাবেদ হোসেন, টিটু মোল্লা, তৌফিকুল ইসলাম, আবু ইলিয়াস, আমিরুল ইসলাম, আবু সাঈদ ও শরিফুল ইসলাম। এদের মধ্যে টিসি শরিফুল ইসলাম গত ২৯ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় মারা যান।
বৃহস্পতিবার তাদের চাকরিচ্যুত করা হয়, তবে শুক্রবার বন্ধ থাকায় শনিবার এ আদেশ কার্যকর করা হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে টোল সংগ্রহে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান এদের চাকরিচ্যুত করেছে বলে জানায় কর্তৃপক্ষ।
চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান গোয়াংজি সায়েন্টিফিক ইনস্টিটিউট অব কমিউনিকেশন (জিএসআইসি) এর টোল অ্যান্ড ফাইন্যান্স ব্যবস্থাপক সাফাত কাদের সিদ্দিকী জানান, জিএসআইসি, শামিম এন্টারপ্রাইজ লিমিটেড (এসইএল), ইউনাইটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (ইউডিসি), জয়েন্ট ভেনচার (জেভি) টোলের টাকা চুরির দায়ে ১০ কর্মচারীকে চাকরিচ্যুত করেছে।
সাফাত কাদের সিদ্দিকী বলেন, এর আগে একই অপরাধে শিফট-ইন-চার্জ আরাফাত রহমান ও সৈয়দ জুবায়ের আলম এবং টিসি রাজিব আহম্মেদ ও এনামুল কবিরকে চাকরিচ্যুত করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৩ ঘ.
bdnews24